ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাবির এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. রাকিব হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন।
নবীন শিক্ষার্থীদের পক্ষে ফারিলা জেবিন রাইদা এবং বিদায়ীদের পক্ষে আহনাফ আহমেদ অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক শুচি চাকী।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ তার বক্তব্যে বলেন, ফলিত গণিত বিভাগ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই বিভাগের পাঠক্রম ও শিক্ষকদের মান আন্তর্জাতিক যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমতুল্য।
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এবং বিশ্বমানের গ্র্যাজুয়েট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশে নেতিবাচক কার্যক্রম থেকে দূরে থেকে একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের সঙ্গে তার পরিবারের স্বপ্ন ও সামাজিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত। তাই পারিবারিক স্বপ্ন পূরণ ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সময়ের সদ্ব্যবহার করা উচিত। প্রতিষ্ঠানের সুনাম বজায় রেখে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে ছিলেন নাফিয়া তানজুম নিহা, ফাহিয়া হক আফনান এবং মেহবুবা চৌধুরী।
