শাহজালাল বিমানবন্দরে ৪৩৬৪ পিস ইয়াবাসহ যাত্রী আটক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নিরাপত্তা তল্লাশির সময় ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার সকালে আনসার ব্যাটালিয়নের সদস্যদের তৎপরতায় মাদকগুলো উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম সাইদুল ইসলাম। তার বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম US-Bangla Airlines-এর সৌদি আরবগামী ফ্লাইট বিএস-৩৮১-এ যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। তিনি হেভি লাগেজ গেইট-৪ দিয়ে প্রবেশ করে নির্ধারিত কাউন্টারে চেক-ইন করেন। পরে বোর্ডিং ব্রিজ সি–২ এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য আসেন।
এ সময় ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহী শামীম রেজা ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্যকে তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।
পরে আনসার সদস্যরা বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর নিরাপত্তা বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কে অবহিত করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধার করা ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।
পরবর্তীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আনসার ব্যাটালিয়নের সদস্যদের সতর্কতা ও পেশাদার তৎপরতার কারণে মাদক পাচারের এ চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। তাদের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সহায়তা করছে।
