একদিনে দুই দফায় বাড়ল সোনার দাম
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, তেজাবী বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
এর আগে টানা সাত দফা সোনার দাম কমানোর পর আজ শনিবার সকালে বৈঠক করে সোনার দাম বাড়ায় বাজুস। সকাল ১০টা থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৭ টাকা। এই দাম বাড়ানোর ছয় ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বৃদ্ধি করা হলো।
