সীতাকুণ্ডে আবুল খায়ের রোলিং মিলসে ডাকাতির চেষ্টা, আনসারের হাতে আটক ৩

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের রোলিং মিলস লিমিটেডে ডাকাতির চেষ্টা করার সময় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— সীতাকুণ্ড থানার শীতলপুর গ্রামের মো. সিরাজের ছেলে মো. জাবেদ (২৭), একই থানার ফুলতলা গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. শরিফুর রহমান (২৮) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার মো. শাহজাহানের ছেলে মো. রাসেল (২৯)।

জানা যায়, ভোর ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সুসংগঠিত ডাকাত দল কারখানাটিতে অনুপ্রবেশ করে বৈদ্যুতিক ক্যাবল কাটতে শুরু করে। এ সময় কারখানায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের বাধা দেয়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল অতর্কিত হামলা চালায়। এমন পরিস্থিতিতে আনসার সদস্যরা ১ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করেন। তাতেও ডাকাত দল পিছু না হটলে আনসার সদস্যরা ৩ রাউন্ড সিসা কার্তুজ নিক্ষেপ করতে বাধ্য হন। এসময় ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আনসার সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

আটককৃতদের কাছ থেকে আনুমানিক ৩২০ কেজি বৈদ্যুতিক ক্যাবল, রামদা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। পরবর্তীতে আটককৃত ডাকাতদের উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন, আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ও দায়িত্বশীল ভূমিকার কারণে কারখানাটি একটি বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে।