নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে তিতাসের অভিযান, অবৈধ সংযোগ উচ্ছেদ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২০:১০ | অনলাইন সংস্করণ

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রেখেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চাঁদনী হাউজিংয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
তিতাস গ্যাসের জোনাল অফিসের আওতাধীন ওই এলাকায় দুইটি স্পটে অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং একজন গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চুনা কারখানা ও হোটেলসহ মোট পাঁচটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় স্টার বার্নার, সিঙ্গেল ও ডাবল বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমন সরকার ও জাতীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকা মহানগরীর বসিলা ও মোহাম্মদপুর এলাকার শাহজালাল হাউজিংয়ে পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে একাধিক অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস সরঞ্জাম অপসারণ করা হয়। এই অভিযানে মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, টাঙ্গাইল এলাকায় তিতাস গ্যাসের রাজস্ব উপশাখা ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বকেয়া ও অবৈধ ব্যবহারজনিত কারণে কয়েকটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখানে মোট ১৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
