চীনে বাণিজ্য সম্প্রসারণে সক্রিয় ডিসিসিআই প্রতিনিধি দল
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (১৬ এপ্রিল) চীনের ৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে অংশগ্রহণ করেছে।
এই সোর্সিং ফেয়ারের আওতায় অনুষ্ঠিত বিটুবি ম্যাচমেকিং সেশনে হার্ডওয়্যার ও টুলস, অটোমোবাইল, মোটরসাইকেল ও আনুষঙ্গিক পণ্য, গৃহস্থালি যন্ত্রপাতি এবং নির্মাণসামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ১৫০টি চীনা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে তথ্য বিনিময়ের সুযোগ পান।
ফেয়ার উপলক্ষে আয়োজিত সাপ্লাই চেইন বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনায় ডিসিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বহুমাত্রিক অংশীদারিত্ব রয়েছে, যা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বিস্তৃত।
তিনি জানান, ২০২৫ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৮.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের আমদানি ছিল ১৮.২০ বিলিয়ন ডলার এবং রপ্তানি ছিল ৬৯৪.৪৯ মিলিয়ন ডলার।
তিনি টেক্সটাইল ও টেক্সটাইলজাত পণ্য, যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য, ধাতু, প্লাস্টিক, খনিজ ও উদ্ভিজ পণ্যসহ বিভিন্ন খাতে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদিকে, পলি জিনহান এক্সিবিশন ও পলি ইভেন্টস-এর পরিচালক নিকোল ফ্যান বলেন, এই মেলা চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি উদ্যোক্তা এই সোর্সিং ফেয়ারে অংশ নেবেন।
তিনি আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি ক্রেতারা চীনের বিস্তৃত সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণ করতে পারবেন।
