বিইউপিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ গত ১৯ ও ২০ মে স্বাধীনতা মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে।

“নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা” শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশ্লেষকেরা অংশ নেন।

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকেরাও এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি। তিনি তাঁর বক্তব্যে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন শিক্ষাবিষয়ক অধিবেশন, প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপনার মাধ্যমে প্রাণবন্ত জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি হয়।