পল্লবীতে রামিসাকে ধর্ষণ-হত্যা, দ্রুত বিচারের দাবি ওয়েবের

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। একই সঙ্গে তারা দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে সংগঠনের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, এই নৃশংস ঘটনা শুধু একটি শিশুর জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়, বরং এটি দেশে শিশু সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার ব্যবস্থার গুরুতর দুর্বলতাও সামনে এনেছে। একটি সভ্য সমাজে এমন বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ওয়েবের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে সংগঠনটি রামিসার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

তারা আরও জানায়, নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।