তামিরুল মিল্লাতে আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৬:০৮ | অনলাইন সংস্করণ

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দক্ষতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার ফকীহ মুফতি মাওলানা শরিফুল ইসলাম সুলতানী এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি প্রফেসর নুর নবী মানিক, বায়তুল মোকাররম-এর পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি-র ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাওলানা রফিকুল রহমান মাদানী, স্কলার্স ফোরাম ঢাকার পরিচালক হাফেজ দেলাওয়ার হোসাইন এবং ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ।

এছাড়াও বক্তব্য দেন মাদ্রাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মাওলানা আবুল কাসেম গাজীসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, দেশের বর্তমান নানা সংকট অযোগ্যতা ও অদক্ষতার ফল। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক, সৎ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলেই এসব সংকট মোকাবিলা সম্ভব।

সভাপতির বক্তব্যে ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী পরীক্ষার্থীদের সময়ের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার বাকি সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশসেরা ফলাফল অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তামিরুল মিল্লাত সবসময় মেধার স্বাক্ষর রেখে এসেছে। বর্তমান সংকটময় বিশ্বে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত ক্যারিয়ারের পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ভালো ফলাফলের জন্য সর্বপ্রথম সঠিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি। লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী অটল থাকলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

গভর্নিং বডির সভাপতি নুর নবী মানিক বলেন, তামিরুল মিল্লাত শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অন্যতম কেন্দ্র। শিক্ষার্থীরা এবারও মেধার স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ বলেন, পড়াশোনার পাশাপাশি আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। আধ্যাত্মিক সম্পর্ক মজবুত হলে জীবনের সব ক্ষেত্রে সফলতা অর্জন সহজ হবে।

আলোচনা সভা শেষে ড. মাওলানা রফিকুল রহমান মাদানী পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ভাবগাম্ভীর্যপূর্ণ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।