ঢাবি অ্যালামনাই ৯৯-০০-এর সিলভার জুবিলি আয়োজনের প্রস্তুতি শুরু

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’-এর রজত জয়ন্তী উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রজত জয়ন্তী উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। অনুষ্ঠানে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাবিবসহ সেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৯৯৯-২০০০ সেশনের প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি রজত জয়ন্তী উৎসবের সার্বিক সাফল্য কামনা করে বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হবে। এ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের সব প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।