জুলাই শহীদদের স্মরণে বিএমইউতে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আয়োজিত জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন ও ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। ডেন্টাল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম, আহত জুলাই যোদ্ধার বাবা অধ্যাপক ডা. জাকারিয়া আজিজ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালসহ অন্যান্যরা।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম ও আহত জুলাই যোদ্ধার বাবা অধ্যাপক ডা. জাকারিয়া আজিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। তিনি বলেন, অন্যায় ও নিপীড়নের মাধ্যমে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন। এ আন্দোলনের চেতনা ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম বলেন, জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। চাকরির ক্ষেত্রে সততা, মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি অর্থের বিনিময়ে নিয়োগের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান তিনি।
আহত জুলাই যোদ্ধার বাবা অধ্যাপক ডা. জাকারিয়া আজিজ বলেন, আহতদের ত্যাগ ও সংগ্রামকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং প্রকৃত জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
