বিএমইউতে হিনারি ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫:০৮ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) গবেষণা প্রটোকল, থিসিস ও ম্যানুস্ক্রিপ্ট লেখার জন্য হিনারি (HINARI) ব্যবহার করে আন্তর্জাতিক জার্নাল ও গবেষণা-প্রবন্ধ অনুসন্ধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে ‘Training Program on Hands-On Training on Using HINARI for Journal, Article Searching for Protocol, Thesis & Manuscript Writing’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হিনারি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং প্রধান প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষকরা হাজার হাজার আন্তর্জাতিক জার্নাল ও ই-বুক বিষয়ে জানার সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ছাত্রজীবনই হিনারি ব্যবহারের মতো এ ধরনের বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের সর্বোত্তম সময়। বিশ্ববিদ্যালয়ের এ ধরনের উদ্যোগ গবেষণা কার্যক্রমকে অধিকতর বেগবান করবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় বিরাট ভূমিকা রাখবে। একই সঙ্গে রেসিডেন্ট শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে গবেষণা কার্যক্রমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে।
বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিএমইউর বর্তমান প্রশাসন গবেষণায় নবদিগন্তের সূচনায় নানামুখী পদক্ষেপ নিয়েছে। ছাত্র ও শিক্ষকদের নিয়মিতভাবে থিসিস গ্র্যান্ট ও গবেষণা মঞ্জুরি প্রদান করা হচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও শিক্ষক তৈরির লক্ষ্যে বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের গবেষণা প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
বিএমইউর কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির ম্যানেজার (লাইব্রেরি) এম. আল মামুন।
অনুষ্ঠানে বিএমইউর ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডিন ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত প্রমুখসহ শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
