পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুশ শরফের ২ দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ

পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ফার্মগেটস্থ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকা শাখার পক্ষ থেকে ১৪ ও ১৫ আগস্ট ২০২৬ দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রথম দিন আগামী ১৪ আগস্ট (শুক্রবার) বায়তুশ শরফ মাদরাসা ঢাকার ব্যবস্থাপনায় দিনব্যাপী সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিফজ, কেরাত, হামদ-নাত, বক্তৃতা ও ঘরে বসে রচনা প্রভৃতি তামাদ্দুনিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র মিলনায়তনে ‘সৃষ্টিকুলের সুন্দরতম ফুল প্রিয় রাসূল (সা.)’-কে নিবেদিত বরেণ্য কবিদের স্বরচিত কবিতা পাঠের জলসা ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। সভাপতিত্ব করবেন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী।

একই দিন সন্ধ্যায় বাদ মাগরিব উর্দু, ফারসি, আরবি ও বাংলা নাতশিল্পীদের পরিবেশনায় ‘বযমে না’তে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত হবে।

সারা দেশের বরেণ্য শায়েরদের অংশগ্রহণে এ জলসায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. কাওছার মুস্তফা আবুল উলায়ী। সভাপতিত্ব করবেন ঢাবি উর্দু বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী।

পরদিন ১৫ আগস্ট, শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ‘রাসূলুল্লাহ (সা.)-এর মাদানী জীবন: ইসলামী রাষ্ট্রব্যবস্থার অনুসরণীয় রূপরেখা’ শীর্ষক সেমিনার।

সেমিনারে সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।

একই দিন বাদ মাগরিব মসজিদ বায়তুশ শরফ চত্বরে তামাদ্দুনিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি বায়তুশ শরফ প্রতিষ্ঠায় স্মরণীয় অবদান রেখেছেন এমন ১০ জন মুরব্বীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।

এরপর পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মওলানা মুহিব্বুল্লাহ বাকী।

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকা শাখার পক্ষ থেকে দুই দিনব্যাপী এ আয়োজনে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।