বুয়েটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি ওয়ার্কশপ-২০২৬ সম্পন্ন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (সিইআরএম) এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি ওয়ার্কশপ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৫ আগস্ট শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বুয়েটের সিইআরএম-এর পরিচালক অধ্যাপক ড. শেখ মোখলেসুর রহমান, অধ্যাপক ড. সোহরাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. আমান উদ্দিন, দেশবরেণ্য পানিসম্পদ বিশেষজ্ঞ প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রকৌশল কূটনীতিকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তাদের মতে, এ ধরনের অংশীদারিত্ব আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে ভবিষ্যতের জলবায়ু, জ্বালানি ও সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।