দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিতে কাজ করছে অতিথি ডট কম

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘অতিথি ডট কম’ প্রযুক্তিনির্ভর পর্যটনসেবা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‘অতিথি ডট কম’-এর উদ্যোগে আয়োজিত বিশেষ ‘অতিথি ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রথাগত পর্যটনসেবাকে প্রযুক্তির সঙ্গে একীভূত করে সর্বাধুনিক অ্যাপস-ভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে দেশব্যাপী বিশ্বমানের ভ্রমণ সুবিধা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন লায়ন সাইফুল ইসলাম সোহেল।

অতিথি গ্রুপের ভবিষ্যৎ রূপরেখা ও দেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের ভ্রমণ ও বুকিং সুবিধা হাতের মুঠোয় এনে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্ল্যাটফর্ম।

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যক্রমের সম্প্রসারণ জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। যুগোপযোগী এ উদ্যোগ দেশের হাজার হাজার তরুণের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে। এর মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি দক্ষ জনশক্তি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে একটি অনন্য মাইলফলক হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অতিথি ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও অতিথি লিমিটেডের উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আবু তাহের (অব.), বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (পিআরএল) ড. মো. আশরাফুর রহমান, অতিথি লিমিটেডের পরিচালক লায়ন মো. নূরনবী মৃধা, পরিচালক প্রশাসন লায়ন ড. মো. সিরাজুল ইসলাম (অব.), পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল এস এস ফেরদৌস (অব.) এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা ও পরিচালকরা তাঁদের বক্তব্যে দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, করপোরেট সেক্টরের সঙ্গে পর্যটন খাতের কার্যকর মেলবন্ধন দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করতে পারে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশীয় পর্যটনকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দেশীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুণগত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় প্রবৃদ্ধির চাকা সচল রাখতে ‘অতিথি ডট কম’ অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অনুষ্ঠানের আহ্বায়ক এবং প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম।

তিনি বলেন, সবার একাত্মতা, আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত দিকনির্দেশনাকে পাথেয় করে আগামী দিনে প্রতিষ্ঠানটি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।