বিএমইউর নিনমাসে অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন উদ্বোধন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নিনমাসে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম লিভারের চর্বি পরিমাপক এবং লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজোলিউশন মেশিন।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশনের আয়োজনে কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে ‘বিয়ন্ড কনভেনশনাল আল্ট্রাসাউন্ড: ইলাসটোস্ক্যান অ্যান্ড ফ্যাট কোয়ানটিফিকেশন উইথ হাই রেজোলিউশন আল্ট্রাসাউন্ড’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী বলেন, বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভার বা লিভারে চর্বিজনিত সমস্যায় ভুগছেন।
এছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ ও লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ২ শতাংশ মানুষ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
তিনি বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশে প্রথমবারের মতো মিনডারি কোম্পানি রেজোনা এ২০-এর মতো আল্ট্রা হাই রেজোলিউশন মেশিন সরবরাহ করেছে। নতুন এই মেশিনের মাধ্যমে নিনমাসে প্রথমবারের মতো লিভারে চর্বি নির্ণয়ের আধুনিক প্রযুক্তি ফ্যাট কোয়ানটিফিকেশন ও ইলাসটোস্ক্যান যুক্ত হয়েছে।
এ প্রযুক্তির মাধ্যমে লিভারের ফাইব্রাস টিস্যু গ্রেডিং, সিরোসিস এবং লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ে শেয়ার ওয়েভ ইলাসটোগ্রাফি ও স্ট্রেইন ইলাসটোগ্রাফি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী আরও জানান, নিনমাসে ৩৩ মেগাহার্টজের আল্ট্রা হাই রেজোলিউশন প্রোব স্থাপনের ফলে এখন থেকে ত্বক, চুলের ফলিকল, নখ, সাবকিউটেনিয়াস প্যাথলজি এবং লিম্ফ্যাটিক সিস্টেমের বিভিন্ন রোগ আরও নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হবে।
দেশের রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এ বৈজ্ঞানিক সেমিনারে লিভার ইলাস্টোগ্রাফি বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অনুপ কুমার কুন্ডু। এছাড়া আল্ট্রা হাই রেজোলিউশন থাইরয়েড ইলাস্টোগ্রাফি ও ফ্যাট কোয়ানটিফিকেশন বিষয়ে বক্তব্য রাখেন জোহান্না অং।
সেমিনারে প্রায় শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে লিভারে চর্বির পরিমাণ নির্ণয়, লিভার ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার শনাক্তকরণে আল্ট্রাসাউন্ডের ভূমিকা নিয়ে একটি প্র্যাকটিক্যাল সেশন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিন্টিগ্রাফী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। সেমিনারে চিকিৎসকদের পাশাপাশি নিনমাস ও বিএমইউয়ের চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মিনডারি কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার জুয়েল রানা এবং অন্যান্য প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে সফল সেমিনার আয়োজনের জন্য নিনমাসের রিসার্চ ডিভিশনের প্রধান ডা. পাপড়ী মুৎসুদ্দী, আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশনের প্রধান ডা. ফারহানা হক এবং অনুষ্ঠান উপস্থাপনার জন্য ডা. ফারজানা রহমান অনন্যাকে বিশেষ ধন্যবাদ জানান সেমিনারের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। পরে তিনি বৈজ্ঞানিক সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
