তরুণদের কর্মসংস্থানে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০ | অনলাইন সংস্করণ

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ এ মেলার আয়োজন করে।

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেডের Advantage Project-এর আওতায় আয়োজিত এ মেলায় তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসা হয়।

দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়।

চাকরিপ্রত্যাশীরা মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পরামর্শ গ্রহণ এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং জিআইজেডের অ্যাডভান্টেজ প্রজেক্টের উপদেষ্টা এইচ. এম. আসাদ উজ জামান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তি জ্ঞান এবং উদ্ভাবনী সক্ষমতা দেশের টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। মূলধারার বাইরে থাকা তরুণদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শোভন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইউসেপ বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথিরা তরুণদের দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই একটি দক্ষ, উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ে তুলতে পারে।

সভাপতির বক্তব্যে ড. মো. আবদুল করিম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা যাতে দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পান, সে জন্য শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এবারের জব ফেয়ারে আরএফএল, প্রাণ, হাতিল, নাভানা, ওয়ালটন, রানার, হোন্ডা, এসিআই ও ট্রান্সকমসহ দেশের ১৭টি শীর্ষস্থানীয় নিয়োগ প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলার অন্যতম আকর্ষণ ছিল ‘ওয়াক-ইন ইন্টারভিউ’। এর মাধ্যমে বহু চাকরিপ্রত্যাশী সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান এবং তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ লাভ করেন।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের কর্মসংস্থানের পথ সুগম করার পাশাপাশি শিল্পখাতের প্রয়োজনীয় দক্ষ জনবল সরবরাহে ভূমিকা রাখে। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। ‘জব ফেয়ার ২০২৬’ সেই লক্ষ্য বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।