সোহরাওয়ার্দী হাসপাতালে আনসারের অভিযানে ৩ দালাল আটক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫ | অনলাইন সংস্করণ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। পরে আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদের নেতৃত্বে হাসপাতাল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা হাসপাতালের বৈধ কর্মকর্তা বা কর্মচারী নন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তারা অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। পাশাপাশি বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে এনে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক (৪৮), পিতা মো. রফিকুল ইসলাম, ঠিকানা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; মোছা. মাহমুদা খাতুন (৪০), স্বামী ওস্তম আলী, ঠিকানা ক্যাম্পের বাজার, মোহাম্মদপুর; এবং মোছা. মনিকা (৩০), পিতা মোস্তফা, ঠিকানা আজিজ মহল্লা, মোহাম্মদপুর।
অভিযানে নেতৃত্ব দেন শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদ। তাকে সহযোগিতা করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. শফিকুল ইসলাম।
হাসপাতালের সার্বিক নিরাপত্তা এবং রোগীদের স্বার্থ রক্ষায় আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা মহানগর আনসারের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তৎপরতায় হাসপাতাল এলাকায় দালালচক্রের কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণ, রোগী ও সেবাপ্রার্থীদের স্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে আনসার সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছেন।
