গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে দিনব্যাপী কর্মশালা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ | অনলাইন সংস্করণ

গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ গবেষণা পরিচালনার গুরুত্বপূর্ণ ধাপগুলো নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা 'আইডিয়াস টু আর্গুমেন্টস: অ্যান ইন্টারঅ্যাকটিভ সেশন অন সায়েন্টিফিক অ্যান্ড স্কলারলি রিসার্চ'।

রবিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনস (সিআরডিপি)-এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।

তিনি বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভিত্তি হলো শক্তিশালী গবেষণা সংস্কৃতি। নতুন জ্ঞান সৃষ্টি, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমাজের উন্নয়নে কার্যকর অবদান রাখতে গবেষণাকে প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার হিসেবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই কর্মশালার মাধ্যমে অর্থবহ গবেষণার ধারণা বিকাশ, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া, আন্তঃবিভাগীয় সহযোগিতা ও গঠনমূলক মতবিনিময়ের মাধ্যমে একাডেমিক ও বাস্তব জীবনে প্রভাব ফেলতে পারে-এমন গবেষণা উদ্যোগ আরও সমৃদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ বলেন, আমাদের দেশের শিল্পকারখানা থেকে শুরু করে উৎপাদন প্রতিষ্ঠান সবই ল্যাবরেটরি। কাজেই গবেষণার জন্য এগুলোকে ব্যবহার করার দারুন সুযোগ রয়েছে। নতুন যারা গবেষণায় আগ্রহী তাদেরকে অবশ্যই সব বিষয়ে ইতিবাচক মনোভাব থাকতে হবে। এছাড়া শিক্ষকদের শুধু শিক্ষক হলেই চলবে না তাদেরকে একজন গবেষকও হতে হবে।

কর্মশালায় গবেষণার বিষয় নির্বাচন ও গবেষণার ধারণা বিকাশ, গবেষণা প্রশ্ন নির্ধারণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে যুক্তি নির্মাণ এবং গবেষণালব্ধ ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, একটি গবেষণাকে কীভাবে একটি সুস্পষ্ট ধারণা থেকে গ্রহণযোগ্য ও কার্যকর গবেষণায় রূপ দেওয়া যায়, সে বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহেদুল আলম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্বাস উদ্দিন শিয়াক, ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সাবিহা হক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সফিকুল আলম এবং আইএসইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), এআই অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাকিকুর রহমান।

কর্মশালার বিভিন্ন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকরা অংশগ্রহণ করে বিভিন্ন সেশনে গবেষণার বাস্তব অভিজ্ঞতা, কৌশল ও প্রয়োজনীয় আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে গবেষণার বিভিন্ন বিষয়ে নিজেদের জিজ্ঞাসার উত্তর খুঁজে নেন।

দিনব্যাপী এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, পিএইচডি, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, এবং সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনস (সিআরডিপি)-এর পরিচালক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শিক্ষকরা।