গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ জমকালো উদ্ভাবন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯ | অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচে অঞ্চল-২ পূবাইল ৩-২ গোলে অঞ্চল-৮ কাশিমপুরকে হারিয়ে জয় পেয়েছে; গ্যালারি ও আশপাশের ভবনের ছাদ দর্শকে পূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

উৎসবমুখর পরিবেশ, গ্যালারি ছাপিয়ে দর্শকের ঢল আর মাঠজুড়ে টানটান উত্তেজনার মধ্য দিয়ে গাজীপুরে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। উদ্বোধনী ম্যাচেই জমে ওঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অঞ্চল-৮ কাশিমপুরকে ৩-২ গোলে পরাজিত করে অঞ্চল-২ পূবাইল জয় তুলে নেয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান উদ্দিন সরকার। মাঠে উপস্থিত থেকে মাইকে ধারাভাষ্য ও খেলার বিভিন্ন দিক তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান কালা।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ দর্শকে ভরে যায়। একপর্যায়ে মাঠে জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও দর্শকদের ভিড় দেখা যায়। প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

ম্যাচের শুরু থেকেই পূবাইল ও কাশিমপুরের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে ম্যাচটি রীতিমতো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে পূবাইল অঞ্চল। ফলে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালেই জয় দিয়ে পরবর্তী ধাপে যাওয়ার পথ তৈরি করে তারা।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যবোধ শেখায়। গাজীপুরের বিভিন্ন অঞ্চলের তরুণদের একটি সুন্দর ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে এবং নগরবাসীর মধ্যেও পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় হবে।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের এ আয়োজন শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি নগরবাসীর মধ্যে সম্প্রীতি, আনন্দ ও সুস্থ বিনোদনের একটি বড় প্ল্যাটফর্ম। সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করে খেলোয়াড়, আয়োজক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ গাজীপুরের বিভিন্ন স্টেডিয়াম ও কলেজ মাঠে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। নগরীর বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি শেষ পর্যন্ত একটি প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হবে বলে আশ প্রকাশ করা হয়।