WUB-তে বিশ্বমানের শিক্ষা, বৃত্তি এবং আন্তর্জাতিক ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (WUB)-এর ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের 'ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়াম'-এ "বিয়ন্ড বর্ডারস: প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর গ্লোবাল এডুকেশন, স্কলারশিপস অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যারিয়ারস" (সীমানা ছাড়িয়ে: বিশ্বমানের শিক্ষা, বৃত্তি ও আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি) শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা গ্রহণ, বৃত্তি অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদানের ওপর এই সেমিনারে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WUB-এর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার সরকার।
মূল বক্তব্যে ড. স্বপন কুমার সরকার বিশ্বমানের শিক্ষা, বৃত্তির সুযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাজীবন ও পেশাজীবন গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিদেশে পড়াশোনা বা ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একাডেমিক প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক সুযোগ-সুবিধা সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জনের গুরুত্ব তিনি তুলে ধরেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া একটি প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা মূল বক্তার সাথে সরাসরি আলোচনার সুযোগ পান এবং বিশ্বমানের শিক্ষা, বৃত্তির সুযোগ ও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রস্তুতির বিষয়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা লাভ করেন।
দেশের সীমানার বাইরে শিক্ষা ও পেশাগত সুযোগ অর্জনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে WUB শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই সেমিনারটি আয়োজন করা হয়।
