বনানীতে বিএইচই ইউনির শিক্ষা এক্সপো, ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে রাজধানীর বনানীতে মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো আয়োজন করেছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান বিএইচই ইউনি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানীর হোটেল সারিনায় এ এক্সপো অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

এক্সপোতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, স্পেন, সাইপ্রাস, মাল্টা, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। পাশাপাশি নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ নেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এক জায়গায় বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও বৃত্তির সুযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সহজ হয়েছে।

আয়োজকরা জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং সহজ, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব সেবার পরিবেশ নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বিএইচই ইউনি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, “বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সঠিক তথ্য ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্যের অভাবে বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন ও বৃত্তি পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। শিক্ষার্থীরা যেন সরাসরি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের জন্য উপযুক্ত সুযোগ সম্পর্কে জানতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই, শিক্ষার্থীরা সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে নিরাপদ ও পরিকল্পিতভাবে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাক।”