২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজে পুনর্মিলনী, শুরু রেজিস্ট্রেশন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ২১ বছর পর সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও স্কুলের ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদ।
তিনি নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত আয়োজক কমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন। এ সময় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য সচিব ও এপিএসসিএলের উপমহাব্যবস্থাপক এবং স্কুলের ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। [www.reunion.uskcalumni.org](http://www.reunion.uskcalumni.org) ওয়েবসাইটে প্রবেশ করে ৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
তিনি জানান, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। পরিবারের সদস্য ও চালকদের জন্য ফি ১ হাজার ২০০ টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
এনামুল হক বলেন, এবারের পুনর্মিলনীতে শিক্ষকদের সম্মান জানানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পিতা-মাতার পর একজন শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর শিক্ষকরা। প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সর্বোচ্চ সংখ্যায় পুনর্মিলনীতে উপস্থিত করা এবং তাঁদের যথাযথ সম্মান জানাতে নানা প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে পুনর্মিলনী-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক আবু ছাইদ বলেন, জীবনের দীর্ঘ পথচলায় সবাই অনেক কিছু অর্জন করেছেন, তৈরি হয়েছে অনেক সম্পর্ক। কিন্তু শৈশবের বন্ধু, শ্রেণিকক্ষ, মাঠ, করিডোর, শিক্ষকদের শাসন, টিফিনের সময়ের আড্ডা কিংবা ছুটির ঘণ্টার আনন্দ—এসব স্মৃতি কখনো পুরোনো হয় না।
সব প্রাক্তন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটি শুধু আমাদের একটি পুনর্মিলনী নয়—এটি আমাদের শৈশব, বন্ধুত্ব, স্মৃতি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার মিলনমেলা। এই মিলনমেলা হবে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের ভালোবাসা, মমত্ব ও শ্রদ্ধাবোধের গর্বিত নিদর্শন।”
আয়োজকরা জানান, ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানকে সামনে রেখে এবারের পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ব্যাপক আয়োজনের প্রত্যাশা করছেন তাঁরা।
ইউএসকেসি রিইউনিয়ন-২০২৬-এর প্রচার উপকমিটির সদস্য সচিব কাজী ফরিদ আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
