ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২৩:১৬ | অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা।
তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৫০ বছর পরও অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হওয়ার পর কেন দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী আনতে হবে।
সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে। এ বিভাগ গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার অর্জন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গবেষণার পাশাপাশি প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন র্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এসব কার্যক্রমের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ জে এম সাল্হাউদ্দিন নাগরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
