নাইক্ষ্যংছড়িতে আনসারদের তথ্যে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্থানীয় আনসার সদস্যের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ অক্টোবর এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বাইশারী ইউনিয়নের আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশর একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের বিষয়টি জানতে পারেন। পরে তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানকারী দল মোটরসাইকেলটির গতিরোধের চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।
পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মোটরসাইকেলটি ডিসকাভার ১২৫ সিসি মডেলের। উদ্ধার করা ইয়াবার আনুমানিক জব্দমূল্য প্রায় ৬ লাখ টাকা।
মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আনসার সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
