ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি: সাবেক বিচারপতি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৪১ | অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতামূলক আলোচনা সভা ও সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এ জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রবন্ধ পর্যালোচনা করে বিশেষ অতিথির বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, করোনার মতো ডেঙ্গুও বাংলাদেশে মহামারি আকার ধারণ করছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সংকট থাকায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ডেঙ্গু আক্রান্ত এক লাখেরও বেশি মানুষ শনাক্ত হলেও রোগটি প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, রাজনীতি যদি কেবল ক্ষমতার জন্য হয়, তাহলে জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকে না। জনগণের প্রতি সরকারের চেয়ে বিরোধী দলের দায়বদ্ধতা বেশি দেখা যাচ্ছে। কারণ, বিরোধী দলকে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক আব্দুর রব। তিনি বলেন, সামাজিক সংগঠনের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল ও সরকারের ভূমিকা আরও বেশি জরুরি।

তিনি আরও বলেন, সরকার দাবি করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে উল্লেখ করে রোগটি প্রতিরোধে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠনকেও জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান অধ্যাপক আব্দুর রব।