নটর ডেম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ ও শিক্ষক দিবস উদ্‌যাপন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সত্য ও ন্যায়ের জন্য আপসহীন সংগ্রামের আদর্শ বাংলাদেশের মানুষের জন্য প্রজন্মের পর প্রজন্ম পথপ্রদর্শক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনডিইউবি) বক্তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘নজরুলবর্ষ ও শিক্ষক দিবস ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসির স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় স্বাগত নৃত্য পরিবেশিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ফুল ও উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি; রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি; প্রক্টর ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও, সিএসসি এবং ডিন অধ্যাপক ড. অলক কুমার চক্রবর্তী মোমবাতি প্রজ্বালন করেন।

বক্তব্যে ফাদার চার্লস বি. গর্ডন বলেন, একটি জাতিকে সত্যিকার অর্থে জাতি হিসেবে গড়ে তুলতে এবং অর্থবহ জাতীয় পরিচয় প্রতিষ্ঠায় ব্যক্তিগত মূল্যবোধ অপরিহার্য। শিক্ষকরাই একটি জাতির জন্য সেই সেতু নির্মাণ করেন, যা মানুষের অতীত অর্জনকে ভবিষ্যৎ নির্মাণের সঙ্গে যুক্ত করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, নজরুল তার আদর্শ ও শক্তিশালী লেখনীর মাধ্যমে জাতির জন্য এমন একটি সেতু নির্মাণ করেছেন, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন ব্রাদার সুবল লরেন্স রোজারিও, অধ্যাপক অলক কুমার চক্রবর্তী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জমির হোসেন এবং মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তী লেটিসিয়া রিবেরো।

অনুষ্ঠানে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বেহালাবাদক মাহমুদুল হাসান ও তার দলের পরিবেশনায় জাতীয় কবির প্রতি উৎসর্গীকৃত ধ্রুপদি সংগীত পরিবেশিত হয়।