মানবিক উদ্যোগে মৃত আনসার সিপাহির পরিবারের ঋণ পরিশোধ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের ব্যাংকঋণ পরিশোধের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (২ নভেম্বর) তার স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে ঋণের পুরো ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার চেক তুলে দেওয়া হয়।
গত ১২ মার্চ সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের (৩০ বিএন) সিপাহি জয় গাইন। তিনি স্ত্রী মণিষা বিশ্বাস ও দুই সন্তান রেখে যান। মৃত্যুর সময় তার এক সন্তানের বয়স ছিল তিন বছর এবং অন্য সন্তানের মাত্র সাত মাস।
স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন মণিষা। এর মধ্যে পরিবারের ওপর বড় বোঝা হয়ে দাঁড়ায় ব্যাংকের ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার ঋণ। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৪ লাখ ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সিপাহি জয় গাইন। সুদসহ ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকা।
এ অবস্থায় মণিষা বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তার উদ্যোগ নেন বাহিনীর মহাপরিচালক। সোমবার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে নিজ দপ্তরে মণিষা বিশ্বাসের হাতে ঋণের পুরো টাকা পরিশোধের চেক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর পরিচালক (ওয়েলফেয়ার) এনামুল খাঁন।
মহাপরিচালকের এ উদ্যোগে প্রয়াত সিপাহি জয় গাইনের পরিবার ব্যাংকঋণের দায় থেকে মুক্তি পেল। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় থাকা মণিষা বিশ্বাসের জন্য এ সহায়তা বড় স্বস্তি হয়ে এসেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগের মাধ্যমে দায়িত্ব পালনকালে জীবন দেওয়া একজন সদস্যের পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সহযোদ্ধাকে হারালেও তার পরিবারকে একা ফেলে না রেখে পাশে থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটেছে এ উদ্যোগে।
