আনসার কমান্ডারের উদ্যোগে গড়া পাঠশালায় এবার স্থায়ী অবকাঠামো

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:২৫ | অনলাইন সংস্করণ

দিনাজপুরের বিরল উপজেলায় চটের বস্তা বিছিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান শুরু করেছিলেন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। তার নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা সেই পাঠশালাটি এবার স্থায়ী অবকাঠামো পেতে যাচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে সেখানে নির্মিত হচ্ছে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন পাঠশালা’।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে কমলচন্দ্র সরকারের পরিচালিত পাঠশালাটি পরিদর্শন করেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান।

দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০ জন শিশুকে বিনা মূল্যে পাঠদান করে আসছেন কমলচন্দ্র সরকার। পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট তাকে পাঠশালার অবকাঠামো নির্মাণে মহাপরিচালকের উদ্যোগের বিষয়টি অবহিত করেন।

দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা পাঠদান কার্যক্রমের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণের খবর শুনে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন কমলচন্দ্র সরকার। এ সময় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পাঠশালা নির্মাণের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে উপস্থিত শিশুরাও।

পাঠশালার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কমলচন্দ্র সরকারের বাড়িতে একটি গৃহস্থালি সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে বাহিনী। একই সঙ্গে ‘সঞ্জীবন পাঠশালা’তেও স্থাপন করা হবে একটি সোলার প্যানেল।

হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে ‘সঞ্জীবন পাঠশালা’র জন্য বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কমলচন্দ্র সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসার পর থেকেই তার পাঠদান কার্যক্রমে সহযোগিতার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে শিশুদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই বছর তার মানবিক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ প্রদান করা হয়।

এ ছাড়া তার আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি দেওয়া হচ্ছে।

একজন আনসার কমান্ডারের ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া ছোট্ট একটি পাঠশালা এখন বাহিনীর প্রাতিষ্ঠানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার এই উদ্যোগ মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।