স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন প্রত্যাশা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৫২ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

গতকাল (১৭ নভেম্বর) তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার পূর্ববর্তী বদলি ও নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

এতে তার নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকার সুযোগ তৈরি হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন মহাপরিচালক। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। পাশাপাশি মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বৃদ্ধি, স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন এবং যুগোপযোগী প্রশিক্ষণব্যবস্থা সংস্কারের উদ্যোগ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পদকের সংখ্যা বৃদ্ধি, সদস্যদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাধারণ ক্ষমার আওতায় সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিজ বিভাগ বা জেলায় পোস্টিংয়ের সুযোগ সৃষ্টির মতো উদ্যোগও নেওয়া হয়েছে। আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণকেও সদস্যকল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ভূমিকা আরও কার্যকর করতে আধুনিক, দক্ষ, পেশাদার ও জনবান্ধব বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মহাপরিচালকের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নেতৃত্বের ধারাবাহিকতায় সদস্যকল্যাণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।