সিলেটে আর্ন প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সিলেটে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আর্ন (EARN) প্রকল্পের উপকারভোগী শনাক্তকরণ বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ও ২৩ নভেম্বর সিলেট নগরীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে ‘Orientation Program on Beneficiaries Identification Tools (BIT)’ শীর্ষক এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ওয়েভ ফাউন্ডেশনের ৪১ জন মাঠকর্মী এবং ৫ জন বিশেষজ্ঞ অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) কে এম জাহিদুজ্জামান বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই আর্ন প্রকল্পের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রকৃত উপকারভোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রকল্পের সিলেট বিভাগের ফোকাল পার্সন শেখ মহব্বত হোসেন মাঠপর্যায়ের কর্মীদের সঠিকভাবে উপকারভোগী শনাক্তকরণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উপকারভোগী নির্বাচনের মানদণ্ড, তথ্য সংগ্রহের কৌশল এবং ডিজিটাল টুলস ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইএস বিশেষজ্ঞ মো. মতিয়ার রহমান। সহযোগিতা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক সানজিদা রহমান এবং আর্ন প্রকল্পের কমিউনিকেশন বিশেষজ্ঞ মো. আসাদ উল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের আর্ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট মো. লতিফুল বারী এবং ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) ইফতেখার হোসেন।ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারীরা সিলেট অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং প্রকৃত উপকারভোগীদের কাছে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।