রেলওয়ের নিরাপত্তা জোরদারে ২ হাজার আনসার-ভিডিপি সদস্যের বিশেষ মোতায়েন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৪২ | অনলাইন সংস্করণ

দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসহ বাংলাদেশ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদার, রেলযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত এবং রেল যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় উপজেলা পর্যায় থেকে ২ হাজার আনসার ও ভিডিপি সদস্যকে রেলওয়ের নিরাপত্তায় সম্পৃক্ত করা হয়েছে। উপজেলা আনসার কোম্পানি, ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা এই নিরাপত্তা জনবল দেশের প্রান্তিক পর্যায়ে বিস্তৃত বাহিনীর সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততাকে জাতীয় নিরাপত্তা কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ।
গৃহীত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৮০০ জন, ঢাকা অঞ্চলে ৬০০ জন এবং পূর্বাঞ্চলে ৬০০ জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে সমন্বিতভাবে রেলস্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, যাত্রীসাধারণের চলাচল এবং রেলওয়ের সম্পদের নিরাপত্তায় কাজ করছেন। এই জনবল সংযোজনের ফলে রেলওয়ের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত জনবল, নজরদারি ও তাৎক্ষণিক সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করার সুযোগ সৃষ্টি হবে।
এই বিশেষ মোতায়েনের মূল লক্ষ্য হলো রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সুরক্ষা নিশ্চিত করা, যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং ট্রেন চলাচলের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখা। পাশাপাশি নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্টেশন, প্রবেশ ও বহির্গমন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি ও সার্বিক জননিরাপত্তা জোরদার করা এ উদ্যোগের অন্যতম প্রত্যাশিত সুফল।
উল্লেখ্য, দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য জিআরপি ও আরএনবির সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, পোশাকশিল্পের পরিস্থিতি মোকাবিলা ও মহাসড়কের নিরাপত্তায় ৯টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য পুলিশ, বিজিবি ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন। এ কার্যক্রম বাহিনীর বহুমাত্রিক নিরাপত্তা সক্ষমতার প্রতিফলন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিস্তৃত সাংগঠনিক কাঠামো, দেশব্যাপী প্রান্তিক পর্যায়ে জনবল উপস্থিতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যদের সম্পৃক্ততা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় এক অনন্য সক্ষমতা সৃষ্টি করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী রেলওয়ের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষা, জনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
