রেসিপি
গরুর মাংসের ভিন্ন তিন পদ
গরুর মাংস দিয়ে নানা পদের রান্না হয়ে থাকে। তবে এবার ভিন্ন তিন পদের রেসিপি দিয়েছেন কুকিং স্টার ফাউন্ডেশনের রন্ধনশিল্পী- শাহানা আক্তার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ইয়াম্মি বিফ পাকোড়া
যা লাগবে : সিদ্ধ করা বিফ ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২০০ গ্রাম, টমেটো কুচি ২০০ গ্রাম, কাঁচা মরিচ কুচি ৪-৫টি, ধনিয়া পাতা কুচি ৫০ গ্রাম, বেকিং পাউডার ৮ গ্রাম, কর্নফ্লাওয়ার ১০ গ্রাম, লবণ ১ চা-চামচ, রান্নার তেল ৩০০ গ্রাম, ডিম ৩টি।
যেভাবে করবেন : প্রথমে বিফ কিউব করে কেটে অল্প লবণ দিয়ে প্রায় ১ ঘণ্টা মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে একটি বড় বাটিতে রাখতে হবে। এবার এতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ডিম, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
চিনি গলে গেলে ময়দা, বেকিং পাউডার ও কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে ৬০ গ্রাম মেজারমেন্ট কাপ দিয়ে সমানভাবে ব্যাটার ছেড়ে দিতে হবে। দুইপাশ সুন্দর লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি সার্ভিং ডিশে সাজিয়ে উপরে পুদিনা পাতা, মেয়োনিজ ও টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
সাঁতকরার আচার দিয়ে গরুর মাংসের খাকরি
যা লাগেবে : গরুর মাংস ১৫০০ গ্রাম, সাঁতকরার আচার ৫০ গ্রাম, পেঁয়াজ বাটা ২০০ গ্রাম, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা হাফ চা-চামচ, এলাচ ৪টি, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ২টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চিমটি, তেজপাতা ২টি, টক দই ১০০ গ্রাম, সয়া সস অল্প পরিমাণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া হাফ চা চামচ, চটপটি মসলা হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, টমেটো সস ৮ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, সরিষার তেল, ২০ গ্রাম, ঘি ৫ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা পরিবেশনের জন্য।
যেভাবে করবেন : একটি পাত্রে গরুর মাংস নিয়ে তাতে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, জিরা গুঁড়া, চটপটি মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, টমেটো সস, লেবুর রস, গুঁড়া দুধ, সরিষার তেল, সয়া সস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর চুলায় মাঝারি আঁচে রান্না করুন। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে এলে ভালোভাবে কষিয়ে নিন। তারপর ২৫০ গ্রাম পানি দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে সাঁতকরার আচার, সামান্য জিরা গুঁড়া ও অল্প গুঁড়া দুধ দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। শেষে ঘি মিশিয়ে নামিয়ে নিন। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
গরুর মাংসের শুঁটকির সমুচা
যা লাগবে : পুর তৈরির জন্য গরুর মাংসের শুঁটকি ১ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৩-৪টি, সরিষার তেল বা সয়াবিন তেল ২-৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
সমুচা তৈরির জন্য : রেডিমেড সমুচার শিট ১০-১২টি, ময়দা ২ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো (আঠা তৈরির জন্য), ভাজার তেল পরিমাণমতো।
যেভাবে করবেন : শুঁটকি প্রস্তুত করুন- প্রথমে গরুর মাংসের শুঁটকি ভালোভাবে ধুয়ে গরম পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। নরম হয়ে এলে পানি ঝরিয়ে শিলপাটায় বা ব্লেন্ডারে হালকা করে ভেঙে নিন। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই।
সুস্বাদু পুর তৈরি করুন : একটি প্যানে তেল গরম করুন। তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মসলা কষিয়ে নিন। এবার শুঁটকি দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভাজুন। শুঁটকির কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ যোগ করুন। পেঁয়াজ সোনালি ও হালকা ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত নেড়ে ভাজুন। সবশেষে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন। পুর সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।
সমুচা ভাঁজ করুন : ময়দা ও অল্প পানি মিশিয়ে ঘন আঠা তৈরি করুন। সমুচার শিট ত্রিভুজ আকারে ভাঁজ করে একটি পকেট তৈরি করুন। ভেতরে ১-২ চা চামচ শুঁটকির পুর দিন। এরপর মুখে ময়দার আঠা লাগিয়ে ভালোভাবে সিল করে দিন যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে।
সমুচা ভেজে নিন : কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। মাঝারি আঁচে সমুচাগুলো ধীরে ধীরে ভাজুন। দুই পাশ সোনালি বাদামি ও মুচমুচে হলে তুলে কিচেন টিস্যুতে রাখুন।
পরিবেশন : গরম গরম গরুর মাংসের শুঁটকির সমুচা পরিবেশন করুন টক সস, ধনেপাতাণ্ডপাতা চাটনি বা কাঁচামরিচের সঙ্গে। এক কাপ চায়ের সঙ্গে এর স্বাদ আরও বেড়ে যায়।
