রেসিপি

ইলিশের স্বাদে বাঙালিয়ানা

ইলিশ মানেই বাঙালির রসনাবিলাসের এক অনন্য নাম। সরষে, ভাপ, পাতুরি কিংবা নানা সবজির সঙ্গে- বিভিন্নভাবে রান্না করলে ইলিশের স্বাদে আসে ভিন্ন ভিন্ন মাত্রা। এ সময়ে তাজা ইলিশের ঘ্রাণে জমে ওঠে বাঙালির ভোজ। সেই চিরচেনা ইলিশকে ঘিরেই তিনটি সহজ ও সুস্বাদু রেসিপি দিয়েছেন- মরিয়ম বেগম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ইলিশ ভাতে

যা লাগবে : পোস্তদানা ১ টেবিল চামচ, কালো সরষে ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭-৮টি, সরষে তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ মাঝারি ২টি, লবণ পরিমাণমতো, সব উপকরণ একসঙ্গে বেঁটে নিতে হবে, তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৭-৮টি, নারকেলের দুধ ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চাল ২ কাপ।

যেভাবে করবেন : মাছের সঙ্গে লেবুর রস ও সব মসলা মাখিয়ে রাখতে হবে। চাল ধুয়ে ৪ কাপ পানি দিয়ে লবণ দিয়ে ভাত রান্না করতে হবে। ভাতের অল্প পানি থাকতে কিছুটা ভাত উঠিয়ে ভাতের ওপর মাছগুলো সাজিয়ে কাঁচা মরিচ দিয়ে মাঠের ওপর থেকে উঠিয়ে রাখা ভাত দিয়ে চাপা দিয়ে নারকেলের দুধ দিয়ে টিমে আঁচে ২৫-৩০ মিনিট রান্না করতে হবে।

 

সরষে ইলিশ

যা লাগবে : সাদা সরষে ২ টেবিল চামচ, কালো সরষে ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, শুকনা মরিচ ৪টি (একসঙ্গে ১ চা-চামচ লবণ দিয়ে বেটে নিতে হবে), শুকনা মরিচ ২টি, লবণ পরিমাণমতো, কালোজিরা আধা চা-চামচ, সরষের তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৭-টি, ইলিশ মাছ বড় করে কাটা ৮ টুকরা।

যেভাবে করবেন : কড়াইয়ে তেল গরম করে কালোজিরা ও শুকনা মরিচের ফোড়ন দিয়ে সব মসলা ভুনে মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল কমে গেলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। সরষে ইলিশ গরম ভাত বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।

 

আনারস ইলিশ

যা লাগবে : ইলিশ মাছ বড় করে কাটা ৮ টুকরা, আনারস মাঝারি আকারের ১টি, পেঁয়াজ কিমা ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো।

যেভাবে করবেন : আনারস লম্বায় দুফালি করে মাঝের অংশ বাদ দিয়ে কুরিয়ে নিতে হবে। তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে পেঁয়াজ নরম হলে মরিচ, হলুদ, লবণ দিয়ে কিছুক্ষণ ভুনে আনারস দিয়ে আরেও কিছুক্ষণ ভুনে ১ কাপ পানি দিতে হবে। আনারস টক হলে চিনি দিন। ফুটে উঠলে মাছ বিছিয়ে দিয়ে কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করতে হবে। তেল ওপরে এলে নামিয়ে নিন।