রূপশৈলী
গ্লাস স্কিনের প্রাকৃতিক সমাধান
ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এবং শীতল অনুভূতি দেওয়ার কারণে অ্যালোভেরা জেল দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। লিখেছেন— সোমা ঘোষ মণিকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

অ্যালোভেরা বা ঘৃতকুমারী সুপ্রাচীন কাল থেকেই লোকজ ও প্রাকৃতিক রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। এর পাতার ভেতরের থাকা স্বচ্ছ জেল অংশে রয়েছে পানি, বিভিন্ন শর্করা, অ্যামাইনো অ্যাসিড ও অন্যান্য জৈব উপাদান। বিশেষ করে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এবং শীতল অনুভূতি দেওয়ার কারণে অ্যালোভেরা জেল ত্বকের যত্নে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে প্রথমেই একটি বিষয় আমাদের মাথায় রাখা দরকার যে শুধু মাত্র অ্যালোভেরা 'গ্লাস স্কিন' তৈরি করার কোনো জাদুকরি উপায় নয়। স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক নির্ভর করে বংশগত বৈশিষ্ট্য, বয়স, খাদ্যাভ্যাস, ঘুম, পরিবেশ, সূর্যের আলো, ত্বকের ধরন এবং নিয়মিত পরিচর্যার ওপর।
ব্যবহার : রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্নতা ও পরিমিতি। বাজারজাত অ্যালোভেরা জেল ব্যবহার করলে এমন পণ্য বেছে নেওয়া ভালো, যাতে অপ্রয়োজনীয় সুগন্ধি বা ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে এমন উপাদান কম থাকে মূলত বিশ্বস্ত ব্র্যান্ড বা উৎস থেকেই সংগ্রহ করা উচিত। আর অবশ্যই মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে।
মধু-অ্যালোভেরা : তিন চামচ মধুর সাথে চার চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। এবার মুখ, গলা, হাত-পায়ে আলতোভাবে ম্যাসাজ করে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। এবার ভার্জিন কোকোনাট ওয়েল অথবা ভালো মানের ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন।
চা-অ্যালোভেরা : এক চামচ চা পাতা ভালোভাবে এক কাপ পানিতে ফুটিয়ে নিন। চায়ের পানি একদম শুকিয়ে এলে তা নামিয়ে ঠান্ডা করার জন্য রাখুন। এবার চা পাতার সাথে দুই চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।
নারকেল তেল-অ্যালোভেরা : এক চামচ নারকেল তেলের সাথে এক চামচ অ্যালোভেরা জেল নিন এবার ভালো করে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার আপনার ত্বকের সাথে মানানসই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
