রেসিপি
নাশতায় পরোটার তিন স্বাদ
সকালের নাশতায় পরোটা বাঙালির পছন্দের খাবারের তালিকায় বেশ ওপরেই থাকে। গরম গরম পরোটার সঙ্গে চা কিংবা পছন্দের কোনো পানীয়— দিন শুরুর জন্য এর চেয়ে তৃপ্তিকর আয়োজন আর কী হতে পারে! তবে একই ধরনের পরোটা প্রতিদিন খেতে ভালো না-ও লাগতে পারে। তাই স্বাদে বৈচিত্র্য আনতে তৈরি করে নিতে পারেন চিকেন রোল পরোটা, আলু পরোটা কিংবা সুগন্ধি রসুনের পরোটা। রেসিপি দিয়েছেন— মরিয়ম বেগম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চিকেন রোল পরোটা
যা লাগবে : ময়দা ১ কাপ, চিনি ১ চা-চামচ, তেল অথবা ঘি ১ চা-চামচ, ডিম ফেটানো অর্ধেকটা, পানি ও লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল। স্টাফিংয়ের জন্য : মুরগির মাংস দেড় কাপ, আদাবাটা আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, পাপড়িকা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, তেল ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ। পরিবেশনের জন্য : টমেটো, গাজর, শসাকুচি, পেঁয়াজ (মোটা কুচি করে কাটা) প্রতিটি ১ টেবিল চামচ, টমেটো সস ও মেয়োনেজ ২ টেবিল চামচ (একসঙ্গে)।
যেভাবে করবেন : ময়দার সঙ্গে ডিম, চিনি, লবণ, তেল পরিমাণমতো পানি দিয়ে মেখে ডো তৈরি করে আধা ঘণ্টা ঢেকে রাখুন। এরপর রুটি বেলে অল্প ছেঁকে, অল্প ঘি অথবা তেলে ভেজে নিন। অন্য পাত্রে সব মসলা কষিয়ে জুলিয়ান করে (লম্বা করে) কাটা মুরগির টুকরো ভেজে নিন। এবার পরোটার মধ্যে ভাজা মুরগি, পেঁয়াজকুচি, টমেটো, শসাকুচি ও সস দিয়ে রোল বানিয়ে টুথপিক দিয়ে বন্ধ করে দিন।
রসুনের পরোটা
যা লাগবে : ময়দা ৩ কাপ, আটা ১ কাপ, রোস্ট করা রসুন ৭-৮ কোয়া, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, তেল বা ঘি ১ টেবিল চামচ (ময়ানের জন্য), কুসুম গরমপানি পরিমাণমতো, জলপাই তেল পরিমাণমতো, তেল ভাজার জন্য যতটুকু লাগে।
যেভাবে করবেন : রসুনের কোষ তাওয়ায় অল্প আঁচে টেলে রোস্ট করে নিন। নরম হলে নামিয়ে ভর্তা করে নিন। এবার একটি ছড়ানো বোলে ময়দা, আটা মিশিয়ে নিন। লবণ, চিনি, টক দই ও তেল বা ঘি দিয়ে ভালো করে মেখে রাখুন। এবার ভর্তা করে রাখা রসুন ও কুসুম গরমপানি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে ডো তৈরি করে নিন। পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখুন। অন্তত এক ঘণ্টা রেখে দিলে খুব ভালো পরোটা তৈরি হবে। প্রতিটা পরোটার জন্য পছন্দমতো আকারের বল বানিয়ে নিন। বল গোল করে বেলে নিন এবং ময়দা ছিটিয়ে জলপাই তেল ব্রাশ করে পছন্দমতো আকারে পরোটার ভাঁজ দিন। এভাবে একে একে সব কটি করা শেষ হলে পরোটার আকারে বেলে নিতে হবে। প্যান হালকা সেঁকে সামান্য তেল দিয়ে দিন। সেঁকা তেলে ভেজে মাংসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।
আলু পরোটা
যা লাগবে : ময়দা ২ কাপ, আলু ২ কাপ (সেদ্ধ করে চটকে নেওয়া), টালা জিরাগুঁড়া ১ চা-চামচের তিন ভাগের এক ভাগ অংশ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, ধনেপাতাকুচি দেড় টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল বা ঘি ময়ান ও ভাজার জন্য, পানি প্রয়োজনমতো।
যেভাবে করবেন : ময়দার সঙ্গে অল্প লবণ আর দেড় চা-চামচ তেল বা ঘি মেখে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে ভালো করে মথে নিন। অল্প তেল মেখে আধা ঘণ্টার জন্য ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। অন্য একটা পাত্রে সেদ্ধ আলুর সঙ্গে স্বাদমতো লবণ, টালা জিরার গুঁড়া, পেঁয়াজ-মরিচ-ধনেপাতাকুচি দিয়ে মসৃণ করে মেখে নিতে হবে। এরপর ময়ান দেওয়া ময়দার ডো হতে একটু বড় করে লেচি নিন। তার ভেতরে মেখে রাখা আলুর পুর ভরে ভালোভাবে মুখ বন্ধ করে দিন। শুকনা ময়দা ছড়িয়ে সাবধানে বেলে নিতে হবে। গরম তাওয়ায় আগে দুই পাশ হালকা ভেজে নিন। তারপর ঘি বা তেল দিয়ে লালচে করে ভেজে নিয়ে ধনেপাতার চাটনি দিয়ে গরম-গরম পরিবেশন করুন।
