রেসিপি

সামুদ্রিক মাছের তিন পদ

সামুদ্রিক মাছের স্বাদ ও ঘ্রাণে রয়েছে আলাদা এক আকর্ষণ। রূপচাঁদা, লইট্টা, কোরাল কিংবা পোয়া— প্রতিটি মাছই ভিন্ন স্বাদে রান্না করা যায়। ঝাল-মসলার দেশি পদ থেকে শুরু করে ভাজা বা আধুনিক স্বাদের রেসিপি। এবার এমন কয়েকটি সহজ ও সুস্বাদু সামুদ্রিক মাছের রেসিপি দিয়েছেন— মরিয়ম বেগম

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঝাল ঝাল রূপচাঁদা

 

যা লাগবে : মাঝারি বা ছোট সাইজের রূপচাঁদা মাছ ২ থেকে ৪টি, আদা-রসুন বাটা ১ চা চামচ করে, জিরা গুঁড়ো আধা চা চামচ, টমেটো বাটা ২ টেবিল চামচ, লালমরিচ বাটা আধা চা চামচ, হলুদ-ধনিয়া গুঁড়ো আধা চা চামচ করে, কাঁচামরিচ ৪টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ-তেল পরিমাণমতো।

যেভাবে করবেন : মাছ ভালোভাবে কেটে ধুয়ে হালকা কেঁচে নিন। এবার হলুদ, রসুন বাটা অল্প মেখে হালকা ভেজে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজুন, একেক করে সব মসলা দিয়ে কষান। তেল উঠলে ভাজা মাছ দিয়ে উল্টে-পাল্টে মসলা মেখে টমেটো বাটা দিয়ে নাড়ুন। লবণ, কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে হালকা আঁচে ঢেকে রাখুন কিছু সময়। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন।

 

মুচমুচে লইট্টা ভাজা

 

যা লাগবে : লইট্টা মাছ ৬টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, পাপরিকা অথবা লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ সামান্য।

ভাজার জন্য : ময়দা দেড় কাপ, পাপরিকা ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, চিনি ১ চামচ ও তেল পরিমাণমতো।

যেভাবে : ময়দার সঙ্গে পাপরিকা, গোলমরিচগুঁড়া, কর্নফ্লাওয়ার, চিনি মেখে একটা বাটিতে রাখুন। লইট্টা টুকরা করে বাকি সব উপকরণ মেখে রাখুন। ১০ মিনিট পর টুকরাগুলো ময়দায় গড়িয়ে নিন। ময়দা থেকে তুলে পানিতে ভিজিয়ে আবার ময়দায় দিয়ে ভালোভাবে গড়িয়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিন।

 

বেকড পোয়া

 

যা লাগবে : বড় পোয়া মাছ ১টি, শর্ষের তেল ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, লাল মরিচগুঁড়া আধা চা-চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ ও শর্ষেবাটা আধা চা-চামচ।

যেভাবে করবেন : একটা বড় পোয়া মাছের আঁশ ও পেট পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। টিস্যু দিয়ে পানি মুছে নিন যাতে মাছে কোনো পানি না থাকে। এবার শর্ষের তেলের সঙ্গে বাকি সব উপকরণ মেশান এবং মাছে ভালোভাবে মেখে ১ ঘণ্টা নরমাল ফ্রিজে ঢেকে রাখুন। প্রিহিট ওভেনে ম্যারিনেট করা পোয়া মাছ ২০০ ডিগ্রিতে ১ ঘণ্টা বেক করুন।