রেসিপি

শুঁটকি মাছের তিন পদ

শুঁটকি মাছের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে গ্রামবাংলার চেনা রান্নাঘর আর মাটির চুলার ধোঁয়া। তীব্র গন্ধের কারণে কারও কাছে প্রিয়, আবার কারও কাছে অপছন্দের হলেও শুঁটকির স্বাদে রয়েছে আলাদা এক ঐতিহ্য। ভর্তা, ভুনা, ঝোল কিংবা নানা সবজির সঙ্গে— বিভিন্নভাবে রান্না করা যায় শুঁটকি। একটু যত্ন আর সঠিক মসলার ব্যবহারে শুঁটকি হয়ে উঠতে পারে দারুণ সুস্বাদু একটি পদ। রেসিপি দিয়েছেন— মরিয়ম বেগম

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রুপচাঁদা শুঁটকি ভুনা

 

যা লাগবে : রুপচাঁদা শুঁটকি (মাঝারি) ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি দেড় টেবিল চামচ, দারুচিনি ১ টুকরা, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, টমেটো ১টি ও কাঁচা মরিচ ফালি কয়েকটা।

যেভাবে করবেন : রুপচাঁদা শুঁটকি পরিষ্কার করে ধুয়ে নেন। তেলে বাকি সব উপকরণ কষিয়ে শুঁটকি দিন। অল্প পানি দিয়ে ঢেকে দিন। হয়ে গেলে কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

 

চ্যাপা শুঁটকির বড়া

 

যা লাগবে : চ্যাপা শুঁটকি ৪টি, কুমড়া বা লাউপাতা ৬টি, শুকনা মরিচ ৪টি, রসুন ১টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো এবং তেল ১ চামচ।

যেভাবে করবেন : কুমড়া বা লাউপাতা অল্প লবণ দিয়ে মেখে রেখে দিন। কিছুক্ষণ পর চেপে লবণ বের করে পানি দিয়ে ধুয়ে আবারও পানি চেপে বের করে নিন। রসুনের খোসা ফেলে নিন। শুকনা মরিচ, পেঁয়াজ ও রসুন টেলে নিন।

চ্যাপা শুঁটকি পরিষ্কার করে ধুয়ে বেটে নিতে হবে। রসুন, পেঁয়াজ ও শুকনা মরিচও বেটে নিন। বাটা সব উপকরণ লবণ মেখে পাতার ভেতরে ঢুকিয়ে পাতা মুড়িয়ে নিন। প্যানে অল্প তেল দিয়ে পাতার খোলা অংশ নিচে রেখে অল্প আঁচে রান্না করুন। এক পাশ হয়ে গেলে উল্টে দিন। অপর পাশ হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

কচুর মুখীতে চিংড়ি শুঁটকি

 

যা লাগবে : কচুর মুখী বা ছরা ৫০০ গ্রাম, চিংড়ির শুঁটকি ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল দেড় টেবিল চামচ, টমেটো কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি ও লেবুর রস ১ চা-চামচ।

যেভাবে করবেন : চিংড়ি শুঁটকির মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন। কচুর মুখী ছিলে টুকরা করে নিন। তেলে সব মসলা কষিয়ে চিংড়ি শুঁটকি ও মুখী দিয়ে নাড়ুন। অল্প পানি দিয়ে ঢেকে দিন। কচুর মুখী সেদ্ধ হলে কাঁচা মরিচ ফালি ও লেবুর রস দিয়ে নেড়ে নামিয়ে নিন।