ভ্রমণ
ভ্রমণে প্রয়োজনীয় টিপস
প্রকৃতির সৌন্দর্য উপভোগ, নতুন জায়গা দেখা কিংবা পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর জন্য ভ্রমণের বিকল্প নেই। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। পাহাড়, সমুদ্র, নদী, হাওর কিংবা ঐতিহাসিক স্থাপনা— প্রতিটি জায়গার রয়েছে আলাদা সৌন্দর্য ও বৈশিষ্ট্য। তবে ভ্রমণ আনন্দময় করতে শুধু গন্তব্য নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ প্রস্তুতি। লিখেছেন— গাজী মুনছুর আজিজ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আগাম পরিকল্পনা করুন : ভ্রমণের আগে কোথায় যাবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোন কোন স্থান ঘুরে দেখবেন, তা ঠিক করে নিন। ভ্রমণসঙ্গীদের সঙ্গে আলোচনা করে একটি সম্ভাব্য ভ্রমণসূচি তৈরি করুন। প্রতিটি স্থানে কতক্ষণ থাকবেন, যাতায়াতে কত সময় লাগবে, সেটিও বিবেচনায় রাখুন।
লাগেজ রাখুন হালকা : ভ্রমণে প্রয়োজনের অতিরিক্ত জিনিস বহন করবেন না। গন্তব্যের আবহাওয়া ও ভ্রমণের ধরন অনুযায়ী পোশাক নির্বাচন করুন। পাহাড়ে গেলে আরামদায়ক জুতা, সমুদ্রসৈকতে গেলে স্যান্ডেল এবং শীতপ্রধান এলাকায় গেলে গরম পোশাক সঙ্গে রাখুন। এতে লাগেজ বহন করা সহজ হবে।
গুছিয়ে প্যাকিং করুন : পোশাক, প্রসাধনসামগ্রী, ওষুধ ও অন্যান্য জিনিস আলাদা প্যাকেটে রাখুন। জুতা বা স্যান্ডেল ব্যাগে নেওয়ার আগে কাপড়ের ব্যাগ কিংবা আলাদা প্যাকেটে মুড়িয়ে নিন। এতে পোশাক নোংরা হবে না। প্রয়োজনীয় জিনিস সহজে খুঁজে পাওয়ার মতো করে ব্যাগ গোছান।
ভ্রমণ বাজেট নির্ধারণ করুন : যাতায়াত, থাকা, খাওয়া, দর্শনীয় স্থানের প্রবেশমূল্য ও কেনাকাটার জন্য আগেই বাজেট তৈরি করুন। নির্ধারিত বাজেটের বাইরে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু টাকা অতিরিক্ত রাখুন। নগদ টাকার পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাও রাখতে পারেন।
আগেই আবাসন ঠিক করুন : ছুটির দিন কিংবা পর্যটন মৌসুমে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে হোটেল ও রিসোর্টের কক্ষ পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই আগেই আবাসন বুকিং করুন। বুকিংয়ের আগে ভাড়া, অবস্থান, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়গুলো যাচাই করে নিন।
যাতায়াতের ভাড়া জেনে নিন : গন্তব্যে পৌঁছে স্থানীয় যানবাহনে চলাচলের প্রয়োজন হতে পারে। সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নৌকা কিংবা জিপে ওঠার আগে ভাড়া সম্পর্কে ধারণা নিন। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করুন। যানবাহনে ওঠার আগেই ভাড়া ঠিক করে নিলে বাড়তি ভাড়া গুনতে হবে না।
স্থানীয় খাবারের স্বাদ নিন : ভ্রমণে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী খাবার চেখে দেখুন। কক্সবাজারে সামুদ্রিক মাছ, চট্টগ্রামে মেজবানি খাবার কিংবা সিলেটে সাতকরা দিয়ে রান্না করা খাবারের স্বাদ নিতে পারেন। তবে খাবারের দোকান নির্বাচনের সময় পরিচ্ছন্নতা ও খাবারের মানের দিকে খেয়াল রাখুন।
প্রয়োজনীয় ওষুধ রাখুন : ভ্রমণে ছোটখাটো অসুস্থতা কিংবা দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যান্ডেজ, জীবাণুনাশক, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় সাধারণ ওষুধ সঙ্গে রাখুন। নিয়মিত কোনো ওষুধ খেতে হলে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিন।
মোবাইল ও চার্জারের ব্যবস্থা রাখুন : মোবাইল ফোন, চার্জার ও পাওয়ার ব্যাংক সঙ্গে নিতে ভুলবেন না। ভ্রমণে ছবি তোলা, পথনির্দেশনা দেখা ও যোগাযোগের জন্য মোবাইল প্রয়োজন হয়। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাই প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের নম্বর লিখেও রাখুন।
ছোট হাতব্যাগ রাখুন : মোবাইল, মানিব্যাগ, পরিচয়পত্র, সানগ্লাস, টিস্যু ও প্রয়োজনীয় ছোটখাটো জিনিস রাখার জন্য একটি হাতব্যাগ সঙ্গে রাখুন। এতে বারবার বড় লাগেজ খোলার প্রয়োজন হবে না। মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তার দিকেও খেয়াল রাখুন।
আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন : ভ্রমণের আগে গন্তব্যের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। বিশেষ করে পাহাড়, সমুদ্র ও হাওর এলাকায় আবহাওয়ার পরিবর্তন দ্রুত হতে পারে। বর্ষায় পাহাড়ে ভূমিধস এবং সমুদ্র ও নদীপথে দুর্যোগের আশঙ্কা থাকে। তাই প্রয়োজন অনুযায়ী ভ্রমণসূচি পরিবর্তন করুন।
পরিবেশ ও নিরাপত্তার দিকে খেয়াল রাখুন : ভ্রমণে গিয়ে যেখানে-সেখানে ময়লা, প্লাস্টিকের বোতল কিংবা পলিথিন ফেলবেন না। স্থানীয় মানুষের সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন। নির্জন জায়গায় একা ঘোরাঘুরি এড়িয়ে চলুন। পাহাড়, নদী কিংবা সমুদ্রসৈকতে ছবি তুলতে গিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে যাবেন না। নৌভ্রমণে লাইফ জ্যাকেট ব্যবহার করুন।
অফ-সিজনে ভ্রমণ করুন : পর্যটন মৌসুমে জনপ্রিয় স্থানগুলোতে পর্যটকের ভিড় ও খরচ দুটোই বেশি থাকে। তাই সুযোগ থাকলে পর্যটন মৌসুমের বাইরে ভ্রমণের পরিকল্পনা করুন। এতে তুলনামূলক কম খরচে হোটেল, পরিবহন ও অন্যান্য সুবিধা পাওয়া যায়। তবে যাওয়ার আগে আবহাওয়া ও যাতায়াতের অবস্থা জেনে নিন।
ভ্রমণসঙ্গীদের সঙ্গে সমন্বয় করুন : বন্ধু কিংবা পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে সবার পছন্দ ও সুবিধাকে গুরুত্ব দিন। কোথায় যাবেন, কী খাবেন কিংবা কতক্ষণ থাকবেন, তা আলোচনার মাধ্যমে ঠিক করুন।
ভ্রমণের খরচ ভাগাভাগি করার বিষয়টিও আগেই নির্ধারণ করে নিন।
ভ্রমণের আনন্দ শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নতুন অভিজ্ঞতা অর্জন ও প্রকৃতির কাছাকাছি যাওয়ার মধ্যেও রয়েছে। তাই যথাযথ প্রস্তুতি নিন, সতর্ক থাকুন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করুন। তাহলেই আপনার ভ্রমণ হয়ে উঠবে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্মরণীয়।
