ফ্যাশনে নখের সৌন্দর্য
ফ্যাশন মানেই শুধু পোশাক, সাজসজ্জা কিংবা গয়না নয়; পরিপাটি নখও ব্যক্তিত্ব ও রুচির পরিচয় বহন করে। কখনও নখে হালকা গোলাপি রং, কখনো উজ্জ্বল লাল, আবার কখনও বাহারি নকশা— সব মিলিয়ে নখের সাজে ফুটে ওঠে নিজস্ব স্টাইল। লিখেছেন— নাদিয়া আফরিন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বর্তমানে পোশাকের সঙ্গে মিলিয়ে নখ সাজানোর পাশাপাশি নেল আর্ট, ফ্রেঞ্চ ম্যানিকিউর, জেল পলিশ ও নানা ধরনের নকশার জনপ্রিয়তা বাড়ছে। তবে নখের সৌন্দর্য ধরে রাখতে শুধু রঙ বা নকশা করলেই হবে না, প্রয়োজন নিয়মিত যত্ন ও পরিচ্ছন্নতা।
ফ্যাশনের ছোঁয়া : ফ্যাশন সাময়িকী ভোগ-এ প্রকাশিত নখের সাজবিষয়ক প্রতিবেদনে বিখ্যাত নখশিল্পী কিম ট্রুং বলেছেন, এ সময়ে নখের সাজে পরিচ্ছন্ন, আভিজাত্যপূর্ণ ও পরিকল্পিত নকশার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অর্থাৎ অতিরিক্ত নকশার বদলে পরিমিত সাজই হয়ে উঠছে আকর্ষণীয়।
ফ্রেঞ্চ ম্যানিকিউর : নখের স্বাভাবিক বা হালকা রঙের ওপর আগায় সাদা কিংবা অন্য রঙের সরু রেখা দেওয়া হয়। এটি প্রায় সব ধরনের পোশাকের সঙ্গে মানানসই।
নিউড ও প্যাস্টেল : হালকা গোলাপি, ক্রিম, বেইজ, আকাশি কিংবা ল্যাভেন্ডার রং নখে আনে কোমল ও পরিশীলিত সৌন্দর্য।
ক্রোম ও ভেলভেট নখ : ধাতব আভা কিংবা মখমলের মতো ঝিলমিল ভাব তৈরি করে এ নকশা। পার্টি ও বিশেষ অনুষ্ঠানে বেশ মানানসই।
ফ্লোরাল নেল আর্ট : নখের ওপর ছোট ফুল, পাতা কিংবা লতাপাতার নকশা করা হয়। শাড়ি, সালোয়ার-কামিজ ও হালকা রঙের পোশাকের সঙ্গে সুন্দর লাগে।
মিনিমাল নেল আর্ট : একরঙা নখের ওপর ছোট বিন্দু, সরু রেখা কিংবা ছোট কোনো নকশা। যারা খুব বেশি সাজ পছন্দ করেন না, তাদের জন্য এটি ভালো পছন্দ। নখের আকৃতিও সাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারও পছন্দ গোলাকার, কারও চৌকো, আবার কেউ বাদামের মতো সরু আকৃতি পছন্দ করেন। তবে নখের স্বাভাবিক গঠন ও দৈনন্দিন কাজের সুবিধা বিবেচনা করে আকৃতি নির্বাচন করা ভালো।
পোশাক ও অনুষ্ঠানের সঙ্গে : নখের রঙ নির্বাচনের ক্ষেত্রে পোশাকের রঙ ও ধরন বিবেচনা করা উচিত। উজ্জ্বল রঙের পোশাকের সঙ্গে হালকা বা নিউড রঙের নখ বেশ মানানসই। আবার একরঙা পোশাকের সঙ্গে লাল, মেরুন, সোনালি কিংবা রুপালি রঙের নখে আনা যায় ভিন্নতা।
বিয়ের অনুষ্ঠানে শাড়ি বা গর্জিয়াস পোশাকের সঙ্গে গ্লিটার, পাথর বসানো নকশা কিংবা ক্রোম নেল আর্ট বেছে নিতে পারেন। অফিস বা নিয়মিত ব্যবহারের জন্য ছোট নখে হালকা গোলাপি, বেইজ কিংবা ফ্রেঞ্চ ম্যানিকিউর ভালো দেখায়।
ফ্যাশন সাময়িকী মেরি ক্লেয়ার-এ প্রকাশিত প্রতিবেদনে বিখ্যাত নখশিল্পী কুইনি নগুয়েন হালকা রঙের সঙ্গে মৃদু ঝিলমিল ও পরিমিত অলংকরণের সমন্বয়ের কথা বলেছেন।
যত্নে করণীয়—
নখ কাটুন : হাতের নখ কাটার পর কোনাগুলো সামান্য গোল করে নিতে পারেন। এতে নখ কাপড় বা অন্য কিছুর সঙ্গে আটকে যাওয়ার আশঙ্কা কমে।
পরিষ্কার রাখুন : হাত ধোয়ার সময় নখের নিচের অংশও ভালোভাবে পরিষ্কার করতে হবে।
ময়েশ্চারাইজার ব্যবহার : হাত ধোয়ার পর হাত ও নখে ময়েশ্চারাইজার লাগান। নখের চারপাশের ত্বক শুষ্ক হলে কিউটিকল অয়েল ব্যবহার করতে পারেন। এতে নখের চারপাশের ত্বক কোমল থাকে।
কিউটিকল কাটবেন না : নখের গোড়ায় থাকা পাতলা ত্বককে কিউটিকল বলে। এটি নখের গোড়াকে জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। তাই কিউটিকল কেটে ফেলা কিংবা জোর করে পেছনে ঠেলে দেওয়া ঠিক নয়।
সতর্ক থাকুন : বাসন ধোয়া, কাপড় পরিষ্কার কিংবা রাসায়নিক উপাদান ব্যবহার করতে হয় এমন কাজের সময় হাতে দস্তানা পরুন। এতে নখ ও হাতের ত্বক সুরক্ষিত থাকবে।
নখ দিয়ে কিছু খোলার চেষ্টা নয় : কৌটার ঢাকনা খোলা, কোনো কিছু আঁচড়ানো কিংবা শক্ত বস্তু তোলার কাজে নখ ব্যবহার করবেন না। এতে নখ ভেঙে যেতে পারে।
ম্যানিকিউর ও নেল পলিশ ব্যবহারে সতর্কতা : নখ সুন্দর রাখতে অনেকেই নিয়মিত ম্যানিকিউর করান। তবে পারলার নির্বাচনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। ব্যবহৃত নেইল কাটার, ফাইল ও অন্যান্য সরঞ্জাম জীবাণুমুক্ত কি না, তা দেখে নিন। অন্যের ব্যবহৃত সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকুন।
নেল পলিশ দীর্ঘদিন নখে লাগিয়ে রাখবেন না। পলিশ তোলার জন্য অতিরিক্ত রাসায়নিকযুক্ত উপাদান ব্যবহারে নখ শুষ্ক ও ভঙ্গুর হতে পারে। জেল পলিশ বা কৃত্রিম নখ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। এগুলো বারবার ব্যবহার করলে নখ পাতলা, দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে। জেল পলিশ তোলার সময় নিজে নিজে খুঁটে তুলবেন না। বিশেষজ্ঞের সাহায্য নিন।
