রঙ বাংলাদেশের বিজয় উৎসব

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জীবনশৈলী প্রতিবেদক

ডিসেম্বর এলেই লাল-সবুজের পতাকায় নতুন করে জেগে ওঠে বিজয়ের গৌরব। ৯ মাসের মুক্তিযুদ্ধ, শহীদের আত্মত্যাগ আর স্বাধীন বাংলাদেশের জন্মের ইতিহাস আমাদের পোশাক, সংস্কৃতি ও উৎসবেও ফিরে আসে নতুন ব্যঞ্জনায়। এই গৌরবকে নকশার ভাষায় তুলে ধরতে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ আয়োজন 'বিজয় উৎসব'। এবারের সংগ্রহে লাল-সবুজের চিরচেনা আবেগের সঙ্গে মিলেছে সমকালীন নকশা, পারিবারিক বন্ধন এবং উৎসবের উপযোগী পোশাক ও অনুষঙ্গ।

দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে পোশাকের মাধ্যমে তুলে ধরার ধারাবাহিকতায় রঙ বাংলাদেশ এবারের বিজয় উৎসবেও গুরুত্ব দিয়েছে নিজস্ব নকশা ও সৃজনশীল উপস্থাপনাকে। উৎসবে বিষয়ভিত্তিক আয়োজনের পথিকৃত রঙ বাংলাদেশ এর এবারের মূল থিম 'মানচিত্র'। বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে নারী, পুরুষ ও শিশুদের জন্য বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ। কোথাও গাঢ় সবুজের সঙ্গে লালের উজ্জ্বল উপস্থিতি, কোথাও হালকা সবুজের স্নিগ্ধতা, আবার কোথাও রঙের বৈপরীত্য ও নকশার পরিমিত বিন্যাসে ফুটে উঠেছে বিজয়ের আবহ। ঐতিহ্য ও সমকালীন ফ্যাশনের সমন্বয়ে প্রতিটি পোশাকে রঙ বাংলাদেশ তুলে ধরতে চেয়েছে দেশপ্রেম ও উৎসবের আনন্দ।

বিজয়ের আনন্দ আপনজনের সঙ্গে ভাগ করে নেওয়ার ভাবনা থেকে এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পেয়েছে ফ্যামিলি ম্যাচিং, ডুয়েট ও কাপল সিরিজ। একই নকশা ও রঙের পোশাকে পরিবারের ছোট-বড় সবাই মিলে সেজে ওঠার সুযোগ রেখেছে রঙ বাংলাদেশ। বাবা-ছেলে, মা-মেয়ে কিংবা যুগলের জন্য রয়েছে আলাদা ম্যাচিং কালেকশন। বিজয় দিবসের সকালে পরিবারের সঙ্গে বের হওয়া, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো; পোশাক থেকে অ্যাকসেসরিজ সবকিছুতেই প্রতিটি মুহূর্তে মিলিয়ে পরা পোশাক হয়ে উঠতে পারে সুন্দর স্মৃতির অংশ।

বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজন ও কর্পোরেট কর্মসূচির জন্যও রয়েছে একই ডিজাইনের ম্যাচিং পোশাক নেওয়ার সুযোগ। বড় পরিসরের অর্ডারের জন্য থাকছে হোলসেল মূল্যের সুবিধা। ব্যক্তিগত উদযাপনের পাশাপাশি সম্মিলিত আয়োজনেও লাল-সবুজের অভিন্ন আবহ ছড়িয়ে দিতে চায় রঙ বাংলাদেশ।

এবারের বিজয় উৎসবের পোশাকের নামেও রয়েছে দেশ, প্রকৃতি ও ঐতিহ্যের অনুভব। পরিবারের একসঙ্গে সাজার আয়োজনকে আরও বৈচিত্র্যময় করেছে ফ্যামিলি সিরিজ 'সীমানা পেরিয়ে'। পাশাপাশি হালকা সবুজের সূক্ষ্ম ছাপায় বাবা-ছেলের 'মৃত্তিকাবন্ধন', সবুজের গাঢ় আবহে 'নৈসর্গ'। মা-মেয়ের পোশাকে রয়েছে সবুজের সঙ্গে লালের উজ্জ্বল মিলনে 'রক্তিমসূত্র', গাঢ় সবুজ শাড়ির সঙ্গে লাল পাড়ের 'দেশরেখা', সবুজের নানা ঘর ও রেখায় 'ছায়াবীথি' এবং নকশাসমৃদ্ধ 'অরণ্য'। একই ডিজাইনে ছোট-বড় সবার পোশাক সাজিয়ে বিজয় দিবসের পারিবারিক মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করার সুযোগ রেখেছে এ সংগ্রহ।