ফ্যাশনে লাল সবুজের চেতনা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বর্তমান প্রজন্ম যদি দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে বড় হয়। কিংবা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় হয় বা মানবিক গুণাবলি নিয়ে বড় হয়, তাহলে দেশের উন্নয়নে বা জাতির উন্নয়নে সেই অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। আর তাই সব অভিভাবক, শিক্ষক বা অগ্রজের উচিত, নতুন প্রজন্মকে সবার আগে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমের অনুপ্রেরণা বা মানবিক গুণাবলি বিষয়ে জানান দেওয়া। লিখেছেন - সাইদুজ্জামান সৈকত

বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বা দেশপ্রেমের চেতনা নিয়ে অনেক কাজই হচ্ছে। বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বা দেশপ্রেমের অনুপ্রেরণা ভিত্তিক অনেক কাজই দেখা যায়। এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে পোশাকে দেশের কথা বা মুক্তিযুদ্ধের কথা তুলে ধরা। কিংবা হালের ফ্যাশনে মুক্তিযুদ্ধকে তুলে আনা হচ্ছে নানাভাবে। সেজন্য বেশ ক’বছর ধরেই দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউস স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি বা বিজয় দিবস উপলক্ষ্যে সব বয়সির জন্য লাল-সবুজের পোশাক এনে থাকে। এর মধ্যে বিশেষ করে তরুণদের বা ছোটদের পোশাকের প্রাধান্য বেশি থাকে। এসব পোশাকে লাল-সবুজ রঙের নকশায় তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবের বিভিন্ন ইতিহাসের কথা।

এবারের বিজয় দিবস উপলক্ষ্যেও দেখা গেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো তাদের কালেকশনে এনেছে লাল-সবুজের নানা নকশার পোশাক। এসব পোশাকের মধ্যে তরুণ-তরুণী ও শিশুদের পোশাকের প্রাধান্য বেশি ছিল। সে ধারাবাহিকতায় বসুন্ধরা সিটির দেশীদশের ফ্যাশন হাউসগুলোতে এসেছে লাল-সবুজের পোশাক। এখানকার একটি দোকান থেকে একজন ক্রেতা তার শিশুর জন্য পোশাক কিনে জানালেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আর এ অহংকার গায়ে জড়িয়ে শিশু জানবে তার দেশের গৌরবের কথা। সেজন্য লাল-সবুজ রঙের বা মুক্তিযুদ্ধভিত্তিক পোশাক প্রায় কিনে থাকি।

ফ্যাশন হাউস মেঘের কর্ণধার মিল্টন বলেন, প্রতি বছরই মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিয়ে আমরা পাঞ্জাবি, টি-শার্ট, কামিজ ও শিশুদের পোশাক করে থাকি। লাল-সবুজ রঙে করা এসব পোশাকের নকশায় বরাবরের মতোই তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের গৌরবগাথা বয়ান। এছাড়া বড়দের পাশাপাশি মেঘ সব সময়ই তরুণ প্রজন্ম ও ছোটদের প্রাধান্য দিয়ে পোশাক করে থাকে। বিশেষ করে লাল-সবুজের পোশাক বেশি করা হয়। অন্যদিকে পরিবারের সব সদস্যের জন্য একই রং ও নকশার পোশাকও আমরা এনে থাকি। এর চাহিদাও ভালো।

ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল দেশীয় অনেক হাউসই বরাবরের মতো এবারের বিজয় দিবসের কালেকশনে লাল-সবুজের পোশাক রেখেছে। এসব পোশাকের মধ্যে আছেÑ বড়দের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টি-শার্ট, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গেল কামিজ, ছোটদের ফ্রক, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। আর এর মধ্যে অনেক ফ্যাশন হাউসেই আছে পরিবারের সব সদস্যের জন্য একই রং ও নকশার পোশাক। বিশেষ করে জোড়া পোশাক বা যুগল পোশাকের পসরা বেশ লক্ষণীয়। যেমন শাড়ির সঙ্গে পাঞ্জাবি; আবার পাঞ্জাবির সঙ্গে সালোয়ার-কামিজ বা কুর্তিও আছে একই রং ও নকশার। অন্যদিকে বড়দের পোশাকের রং ও নকশার সঙ্গে মিল রেখে ছোটদের জন্যও আছে নানা পোশাক। বিক্রেতারা জানান, যুগল পোশাক বা পরিবারের সবার জন্য একই নকশার পোশাকের চাহিদাও ভালো থাকে।

অন্যবারের মতো এবারও ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউসগুলো সেজেছিল লাল-সবুজের পোশাকে। এখানকার প্রায় প্রতিটি ফ্যাশন হাউসেই রয়েছে বিজয় দিবসের পোশাকের কালেকশন। সব মিলিয়ে বিজয় দিবস উদযাপনের অন্যরকম আমেজ। আর এখানকারই একটি ফ্যাশন হাউস থেকে নিজের শিশুর জন্য ও নিজের জন্য লাল-সবুজের টি-শার্ট কিনেছেন মামুন। তিনি বলেন, আসলে এখন থেকেই যদি নতুন প্রজন্ম বা শিশুদের নিজের দেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে বা দেশপ্রেমের অনুপ্রেরণা দেখানো যায়, তাহলে নতুন প্রজন্ম বা শিশুরা দেশকে ভালোবেসে বড় হবে। আর দেশকে ভালোবেসে বড় হলে সে হবে আদর্শ দেশের আদর্শ নাগরিক। আর একজন আদর্শ নাগরিই আদর্শ দেশের জন্য বা আদর্শ জাতির জন্য বড় প্রয়োজন। আসলে শিশুরা বা তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন দেশ চালাবে। হাল ধরবে জাতির। এগিয়ে নেবে পৃথিবীকে। সেজন্য তারা যদি দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে বড় হয় কিংবা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় হয় বা মানবিক গুণাবলি নিয়ে বড় হয়, তাহলে দেশের উন্নয়নে বা জাতির উন্নয়নে সেই অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। আর তাই সব অভিবাবক, শিক্ষক বা অগ্রজের উচিত, তরুণ প্রজন্মকে বা শিশুকে সবার আগে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমের অনুপ্রেরণা বা মানবিক গুণাবলি বিষয়ে জানান দেওয়া। এর মাধ্যমে শিশুটি বড় হবে নিজের দেশকে ভালোবেসে বা মানবিক গুণাবলি মাথায় নিয়ে।

অন্যদিকে আজকাল নানা ধরনের উপহার সামগ্রীও হচ্ছে লাল সবুজ রঙে বা মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে। বিশেষ করে তরুণ প্রজন্মের বা শিশুদের উপহার সামগ্রীতে দেখা যায় লাল-সবুজ রঙের প্রাধান্য।

ছবি : রাহুল রায় মিসুক, পোশাক : মেঘ