ভ্রমণ

সেন্টমার্টিন ভ্রমণে সচেতন হই

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

অনিয়ন্ত্রিত পর্যটন ও পর্যটকদের অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিবেশ ও প্রতিবেশবিরোধী আচরণের জন্য এরই মধ্যে সেন্টমার্টিন দ্বীপের বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছে। সেজন্য পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিন ভ্রমণে কিছু বিধিনিষেধ দিয়েছে, যা সচেতন পর্যটক হিসেবে সবারই পালন করা উচিত। জানাচ্ছেনÑ গাজী মুনছুর আজিজ

প্রকৃতি ও জীববৈচিত্র্যের অনন্য এক সুন্দর দ্বীপ ‘সেন্টমার্টিন’। এছাড়া এটি প্রবালসমৃদ্ধ বাংলাদেশের একমাত্র দ্বীপ। বঙ্গপোসগরের বুকে জেগে থাকা ছোট্ট এ দ্বীপের অবস্থান কক্সবাজারের টেকনাফ। এ দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমান হাজার হাজার পর্যটক। আর এ অনিয়ন্ত্রিত পর্যটন ও পর্যটকদের অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিবেশ ও প্রতিবেশবিরোধী আচরণের জন্য এরই মধ্যে দ্বীপটির বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছে। সেজন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৪ ধারার ক্ষমতাবলে পরিবেশ অধিদপ্তর দ্বীপটিকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন’ এলাকা ঘোষণা করে কিছু বিধিনিষেধ দিয়েছে; যাতে দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বিরল জীববৈচিত্র্য পুনরুদ্ধারসহ দ্বীপটি টিকে থাকে। আর এসব বিধিনিষেধ না মানলে তা হবে আইনত দ-নীয় অপরাধ।

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধগুলো :

দ্বীপের সৈকতে সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ কোনো ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক বাহন চালানো।

দ্বীপের সৈকত, সমুদ্র ও নাফ নদীতে প্লাস্টিক বা কোনো ধরনের বর্জ্য ফেলা।

পশ্চিম দিকের সৈকতে কোনাপাড়ার পর দক্ষিণ দিকে ও পূর্বদিকের সৈকতে গলাচিপার পর দক্ষিণ দিকে পরিভ্রমণ।

দ্বীপের চারপাশে নৌভ্রমণ করা।

জোয়ার-ভাটা এলাকায় পাথরের ওপর হাঁটা।

সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা, রাতে আলো জ্বালানো ও ফ্ল্যাশলাইট ব্যবহার করে ছবি তোলা।

সৈকতে রাতের বেলা কোনো ধরনের আলো বা আগুন জ্বালানো, আতশবাজি ও ফানুস ওড়ানো।

সৈকতে মাইক বাজানো, হইচই ও উচ্চ স্বরে গানবাজনা করা বা বারবিকিউ পার্টি করা।

ছেঁড়াদিয়া দ্বীপে স্পিডবোট, কান্ট্রি বোট, ট্রলার বা অন্যান্য জলযানে যাতায়াত ও নোঙর করা।

সংরক্ষণের উদ্দেশ্যে সরকারের অধিগ্রহণ করা ছেঁড়াদিয়া দ্বীপ ভ্রমণ।

প্রবাল, শামুক, ঝিনুক, সামুদ্রিক কাছিম, পাখি, তারা মাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক শৈবাল ও কেয়া ফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয়।

জাহাজ থেকে পাখিকে চিপস বা অন্য কোনো খাবার খাওয়ানো।

দ্বীপে সুপেয় ভূগর্ভস্থ পানি সীমিত বিধায় পানির অপচয় করা।

সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কার্যক্রম গ্রহণ করা।

ছবি : লেখক