প্রিয়শপের প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
বাংলাদেশের এমএসএমই খুচরা ব্যবসায় সম্ভাবনার দ্বার উন্মোচন করতে রিটেইল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ কাজ করছে নিরলসভাবে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে এ প্রতিষ্ঠান তাদের সেবা দেশের আনাচে-কানাচে আরও শক্তিশালী করেছে। এ সময়ের মধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার খুচরা বিক্রেতাকে সরাসরি বিভিন্ন ব্র্যান্ড, আধুনিক পণ্য সরবরাহ ব্যবস্থা, ডিজিটাল পেমেন্ট ও সহজ ঋণ সুবিধার (এমবেডেড ফাইন্যান্স) সঙ্গে যুক্ত করেছে কোম্পানিটি।
বছরের প্রথম অর্ধেক জুড়েই প্রিয়শপের মূল লক্ষ্য ছিল খুচরা বিক্রেতা, বড় বড় ব্র্যান্ড এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এ জন্য তারা উন্নত সাপ্লাই চেইন, পরিবেশবান্ধব লজিস্টিকস এবং প্রযুক্তিনির্ভর ডেলিভারি ব্যবস্থা গড়ে তুলেছে। প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, আমাদের লক্ষ্য কেবল ব্যবসা করা নয়, বরং তার চেয়ে বড় কিছু।
ছোট দোকানদারদের ব্যবসার গতি ধরে রাখতে এ বছর প্রিয়শপ তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে নেত্রকোণা, তারাকান্দা, পূর্বধলা, কলমাকান্দা, মোহনগঞ্জ, মদন, সোনারগাঁও, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এবং গাজীপুরের কালীগঞ্জে। ফলে প্রত্যন্ত অঞ্চলের দোকানদাররাও এখন অর্ডার করলেই দ্রুত এবং সহজে সরাসরি কোম্পানির পণ্য হাতে পেয়ে যাচ্ছেন।
পাশাপাশি, কোকাণ্ডকোলা বাংলাদেশ, গ্রামীণফোন ও বাংলালিংকের মতো দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রিয়শপ তাদের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করেছে। ফলে ব্র্যান্ডগুলো কোনো মাধ্যম ছাড়াই সরাসরি খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বা সেবা পৌঁছে দিতে পারছে।
