এক ক্লিকেই শেরপুরের সব তথ্য
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক

একটি জেলার পরিচয় শুধু তার ইতিহাস, সংস্কৃতি কিংবা প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ থাকে না। প্রতিদিনের নাগরিক জীবনকে সহজ করে তুলতে প্রয়োজন হয় নির্ভরযোগ্য তথ্যেরও। কোথায় ভালো চিকিৎসক পাওয়া যাবে, জরুরি মুহূর্তে রক্তদাতার সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে, কোন দপ্তরের ঠিকানা কোথায়, কখন ছাড়বে বাস বা ট্রেন- এসব তথ্যের জন্য এতদিন শেরপুরের মানুষকে বিভিন্ন উৎসে খোঁজাখুঁজি করতে হতো। সেই ভোগান্তি কমিয়ে জেলার প্রয়োজনীয় তথ্য ও সেবাকে এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’।
‘তথ্যই হোক সংযোগ’- এ স্লোগানকে সামনে রেখে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সম্প্রতি কেক কেটে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। একই সঙ্গে উদ্বোধন করা হয় ‘প্রিয় শেরপুর’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট কাকন রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এখন টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ।
প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, জেলার মানুষ যেন এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য ও নাগরিকসেবা সহজে পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগের সূচনা। তার মতে, এটি শুধু একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ নয়; বরং তথ্যপ্রযুক্তির মাধ্যমে শেরপুরকে আরও সংযুক্ত, আধুনিক ও স্মার্ট জেলায় রূপান্তরের একটি দীর্ঘমেয়াদি প্রয়াস।
তিনি জানান, পর্যায়ক্রমে প্ল্যাটফর্মটিতে জেলার হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, রক্তদাতা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, জরুরি সেবা, বাস ও ট্রেনের সময়সূচি, গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ বিভিন্ন নাগরিকসেবা-সংক্রান্ত তথ্য যুক্ত করা হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই এসব তথ্য খুঁজে পাবেন।
