শিশুদের জন্য মেটার নতুন নিয়ম
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্ষতিকর প্রভাবের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলার নিষ্পত্তিতে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার দিতে এরইমধ্যে রাজি হয়েছে মেটা। তবে এ আর্থিক সমঝোতার পাশাপাশি ফেসবুক-ইনস্টাগ্রামে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার সীমিত করতে সময়সীমা, রাতের প্রবেশাধিকার বন্ধ, স্কুলের সময়ে নোটিফিকেশন নিয়ন্ত্রণ, অ্যালগরিদমনির্ভর ফিড এড়ানোর সুযোগ এবং বয়স যাচাই প্রযুক্তি উন্নয়নের মতো বড় পরিবর্তন আনতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। তবে সমঝোতাটি এখনও আদালতের অনুমোদন পায়নি। অনুমোদন মিললে এর অধিকাংশ শর্ত আগামী ১০ বছর কার্যকর থাকবে।
মামলায় অভিযোগ করা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির সম্ভাব্য ক্ষতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও মেটা তাদের প্ল্যাটফর্মগুলো এমনভাবে নকশা করেছে, যাতে শিশু-কিশোররা দীর্ঘসময় এতে সক্রিয় থাকে। অঙ্গরাজ্যগুলোর অভিযোগের মধ্যে শিশুদের অভিভাবকের অজ্ঞাতে তথ্য সংগ্রহ এবং চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ) লঙ্ঘনের বিষয়ও তুলে ধরা হয়। তবে সমঝোতায় মেটা সব অভিযোগ অস্বীকার করেছে।
সমঝোতার আওতায় ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ডিফল্টভাবে দুই ঘণ্টার দৈনিক ব্যবহারসীমা থাকবে। ৬০ ও ৯০ মিনিট ব্যবহারে সতর্কবার্তা এবং এরপর প্রতি ১৫ মিনিটে বিরতির জন্য প্রম্পট দেখানো হবে। দুই প্ল্যাটফর্মে ব্যয় করা সময় মিলিয়েই সময়সীমা গণনা হবে এবং অভিভাবকের অনুমতি ছাড়া এই সীমা কোনোমতেই অতিক্রম করা যাবে না। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট মোডে অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ থাকবে।
