পর্দা নামল ভিএলএসআইথন ৩.০ প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন 'ডেভিয়েশন'

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

দেশের সেমিকন্ডাক্টর খাতের সর্ববৃহৎ প্রতিযোগিতা 'ভিএলএসআইথন ৩.০'-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩ সেপ্টেম্বর রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দেড় মাসব্যাপী এ আয়োজনে দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দলের মোট ২০৬ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডেভিয়েশন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) পেয়েছে ১,০০,০০০ টাকা প্রাইজমানি। প্রথম রানার্স-আপ ভলটিক্স (আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) পেয়েছে ৬০,০০০ টাকা প্রাইজমানি। দ্বিতীয় রানার্স-আপ ডেনসিটি ডিমনস (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) পেয়েছে ৪০,০০০ টাকা প্রাইজমানি।

প্লেস অ্যান্ড রাউট (পিএনআর) ডোমেইনে আয়োজিত এ প্রতিযোগিতায় সেমিনার ও কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পর্ব শেষে তাত্ত্বিক এবং ইডিএ ট্যুলের পরীক্ষার ভিত্তিতে সেরা দশ দল নির্বাচিত করা হয়। পরবর্তীতে কেস সলভিং ও প্রেজেন্টেশন পর্বের চুলচেরা মূল্যায়নের মাধ্যমে সেরা তিন দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সহায়তায় এবং উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করে সেমিকন্ডাক্টর শিল্পখাতের অগ্রদূত 'উল্কাসেমি'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম এবং উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।

উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ভিএলএসআইথন একাডেমিক পড়াশোনা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মাঝে সেতুবন্ধন তৈরি করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেকেই এখন উল্কাসেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত আছেন, যা শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-রেডি করে তুলতে এ ধরনের আয়োজনের কার্যকারিতা প্রমাণ করে।