মাইক্রোসফটের নতুন উদ্যোগ

উইন্ডোজ সার্চ আরও দ্রুত ও কার্যকর

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

উইন্ডোজের সংস্করণ বদলালেও এর সার্চ ব্যবস্থার ধীরগতি এবং প্রয়োজনীয় ফাইল বা সেটিংস খুঁজে পেতে সমস্যা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দীর্ঘদিনের। এবার উইন্ডোজের সার্চিং ব্যবস্থা শুধু কিছু খুঁজে বের করার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবহারকারীর নির্দেশ বুঝে সরাসরি কাজ সম্পন্ন করার সুযোগ দিতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন উইন্ডোজ সার্চে স্বাভাবিক ভাষায় ছোট নির্দেশ লিখলেই কম্পিউটারের বিভিন্ন সেটিংস পরিবর্তন, উইন্ডো ব্যবস্থাপনা কিংবা ফোনে বার্তা পাঠানোর মতো কাজ করা যাবে আরও দ্রুত এবং সহজে। গত ৭ অক্টোবর মাইক্রোসফটের উইন্ডোজ এন্ড সার্ফেস ইভেন্টে নতুন সার্চিং সিস্টেমটির ঘোষণা আসে।

মাইক্রোসফটের নতুন উইন্ডোজ সার্চ ব্যবস্থাটি 'উইনইউআই ৩' প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন কাঠামোর ফলে সার্চ আগের তুলনায় অনেক দ্রুত কাজ করবে এবং কম মেমোরি ও কম্পিউটিং রিসোর্স ব্যবহার করবে। একই সঙ্গে সার্চ ফলাফলের নকশাতেও পরিবর্তন আনা হচ্ছে। আগে ফলাফলের পাশাপাশি আলাদা প্রিভিউ প্যানেল দেখা গেলেও নতুন নকশায় ফলাফলগুলো একক তালিকায় দেখানো হবে, যাতে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায়।

সার্চের গতি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ফাইল ও তথ্য খুঁজে পাওয়ার সুবিধাও উন্নত করছে মাইক্রোসফট। বানানে ভুল থাকলেও বা একই অর্থের ভিন্ন শব্দ ব্যবহার করলেও প্রয়োজনীয় ফলাফল খুঁজে বের করার সক্ষমতা বাড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে সার্চ ফলাফলের মধ্যেই ফাইলের প্রিভিউ ও বিস্তারিত তথ্য দেখানো হবে। ফলে একই ধরনের একাধিক ফাইলের মধ্যে কোনটি প্রয়োজন, তা আলাদা করে ফাইল খুলে যাচাই করার প্রয়োজন কমবে।

নতুন ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন হলো সার্চ থেকেই বিভিন্ন কাজ করার সুবিধা। যেমন 'ডার্ক মোড চালু করো', 'ব্লুটুথ চালু করো' বা 'স্ক্রিনের উজ্জ্বলতা কমাও' লিখলে সংশ্লিষ্ট সেটিংস সরাসরি পরিবর্তন করা যাবে সার্চ বার থেকেই। আবার 'সব উইন্ডো ছোট করো' বা 'স্ক্রিনে উইন্ডোগুলো সাজিয়ে দাও' লিখেও প্রয়োজনীয় কাজ করা যাবে। উইন্ডোজের সঙ্গে ফোন যুক্ত থাকলে সার্চ থেকেই দ্রুত বার্তা পাঠানোর সুবিধাও যুক্ত হবে। এ ছাড়া মাইক্রোসফট সার্চের সঙ্গে কপাইলটের সংযোগ তৈরির কাজ করছে। এতে সার্চ বক্স থেকেই কপাইলটকে প্রশ্ন করা যাবে এবং প্রয়োজন হলে সেখান থেকে পূর্ণ কপাইলট অ্যাপে গিয়ে বিস্তারিত কথোপকথন চালানো যাবে। সুবিধাটি ঐচ্ছিক থাকবে এবং চলতি বছরের শেষ দিকে নির্বাচিত কিছু বাজারে চালু করার পরিকল্পনা রয়েছে।

নতুন সার্চ ব্যবস্থার প্রাথমিক সংস্করণ ৭ অক্টোবর থেকে উইন্ডোজ ইনসাইডারদের এক্সপেরিমেন্টাল চ্যানেলে পরীক্ষামূলকভাবে চালু করেছে মাইক্রোসফট। প্রাথমিক পর্যায়ে ইংরেজি ভাষা সমর্থন করা হচ্ছে। ব্যবহারকারীদের মতামত ও পরীক্ষার ফলের ভিত্তিতে সার্চের ফলাফল, স্থিতিশীলতা ও কাজের পরিধি আরও উন্নত করার পর ধাপে ধাপে এটি বিস্তৃত করা হবে। আগামী বছর স্টার্ট মেনুতেও নতুন সার্চ ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মাইক্রোসফটের পরিকল্পনা বাস্তবায়িত হলে সার্চ বক্স ধীরে ধীরে ফাইল বা অ্যাপ খোঁজার জায়গার পাশাপাশি উইন্ডোজ ব্যবহারের জন্য একটি সরাসরি কমান্ড ব্যবস্থায় পরিণত হতে পারে।