এআইয়ের ভয় কমাতে 'সুপার ইন্টেলিজেন্স'

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় ও নেতিবাচক ধারণা কমাতে নতুন ধরনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এআইকে এখন থেকে 'সুপার ইন্টেলিজেন্স' নামে উল্লেখ করার উদ্যোগের পাশাপাশি শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিও করা হয়েছে।

চুক্তিটিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি ও এআই প্রতিষ্ঠানের নেতারা স্বাক্ষর করেছেন। তবে এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। ট্রাম্প এটিকে 'নৈতিকভাবে বাধ্যতামূলক' হিসেবে উল্লেখ করেছেন। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য এআই নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া নেতিবাচক ধারণা বদলানো। বিশেষ করে এআই মানুষের চাকরি নিয়ে নেবে বা ভবিষ্যতে মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে এমন আশঙ্কার বিপরীতে 'সুপার ইন্টেলিজেন্স'কে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। এআই নিরাপত্তা নিয়ে এই উদ্যোগের আগে ট্রাম্প প্রশাসনের অবস্থান ছিল অনেকটাই ভিন্ন।