ঋতুহীন বসন্তে

নুসরাত নুসিন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কখনো কখনো এই ঘনবদ্ধ মৌনতার চেয়ে

রাতের নীরবতা বেশি ভালো।

নির্জন স্বরের কানে চুপিচুপি কথা বলা যেতে পারে। শৌখিন বাঁক ঘুরে

কথারা নিজ কানে কানে ফিরে আসে।

ও প্রান্তে ধ্যানমগ্ন শিশিরপতন-

এ প্রান্তে নিয়মমাফিক জ্যোৎস্না ঝরিয়েছে জল।

সুরের শরীরে তন্দ্রাহীন মাটির ফোঁড় ফোঁড় বুকের উপরে

অজস্র কম্পন লুকিয়ে থাকে। অজস্র চাহনি জ্বালিয়ে

সুদীর্ঘ রাত তারা এইখানে জেগে আছে,

সমস্ত সংবেদনা শেষে চাঞ্চল্য রেখেছে

পৌষের হিম আদিগন্তে, মুঠো মুঠো নাড়ার শরীরে।

এখন নিকট নক্ষত্রের চেয়ে নিঃশব্দ,

নীল চোখের চাইতে হিম, ভাষাহীন।